নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ পশ্চিমবঙ্গে জাতীয়তাবাদী সরকার প্রতিষ্ঠার লক্ষে বাংলার সচেতন জনগণকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে ত্রিপুরায় এক অভিনব উদ্যোগ নেওয়া হলো। দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির অনুপ্রেরণায় এবং 'ত্রিপুরা রেলওয়ে হকার কর্মী অ্যাসোসিয়েশন'-এর উদ্যোগে রেল যাত্রীদের হাতে সম্পূর্ণ বিনামূল্যে তুলে দেওয়া হলো বাংলার ঐতিহ্যবাহী প্রিয় খাবার ঝালমুড়ি। "এক মুঠো ঝালমুড়ি - দেশপ্রেম ও সৌহার্দ্যের বন্ধন" — এই স্লোগানকে সামনে রেখে আমবাসা এবং মনু রেল স্টেশন কমিটির যৌথ পরিচালনায় আজ এই কর্মসূচির আয়োজন করা হয়।মজদুর মনিটরিং সেল অনুমোদিত ত্রিপুরা রেলওয়ে হকার কর্মী অ্যাসোসিয়েশনের এই উদ্যোগকে কেন্দ্র করে আজ রেল যাত্রীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা যায়। রেল স্টেশনে থাকা সকল যাত্রীরা আনন্দের সহিত ঝালমুড়ি খেতে লক্ষ্য করা গেছে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশ সেবাই তাদের সংগঠনের মূল অঙ্গীকার । ট্রেনে যাতায়াত করা সাধারণ রেল যাত্রীদের পাশে দাঁড়িয়ে সৌহার্দ্যের বার্তা ছড়িয়ে দিতেই এই বিশেষ আয়োজন।তারা আরও জানান সংগঠনের মূল লক্ষ্যই হলো মানুষের সেবা করা। মোদীজির অনুপ্রেরণায় আমরা আমবাসা ও মনু রেল স্টেশনের হকার ভাইয়েরা মিলে যাত্রীদের একটু আনন্দ দিতে এবং দেশপ্রেমের বার্তা পৌঁছে দিতেই এই ঝালমুড়ি বিতরণের আয়োজন করেছি । নিখরচায় ঐতিহ্যবাহী ঝালমুড়ি পেয়ে খুশি দূর-দূরান্তের যাত্রীরাও। তারা সংগঠনের এই ভিন্নধর্মী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন।আয়োজিত এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজেপি ৪৭ আমবাসা মন্ডল সভাপতি অজয় অধিকারী , আমবাসা পুর পরিষদের চেয়ারপারসন প্রতিমা মালাকার , সংগঠনের রাজ্য কমিটির সাধারণ সম্পাদক অজিত দেবনাথ, সংগঠনের রাজ্য কমিটির সহ-সভাপতি সেবক ঘোষ, সংগঠনের আমবাসা কমিটির সভাপতি সুব্রত পাল সহ অন্যান্য হকার কর্মীরা। এদিন অতিথিগণ স্টেশন চত্বরে থাকা যাত্রীদের হাতে ঝাল মুড়ির প্যাকেট তুলে দেয়।ব্যতিক্রমী এই উদ্যোগের মাধ্যমে কেবল যাত্রীদের মুখে খাবারই তুলে দেওয়া হলো না, বরং হকার ভাইদের এই প্রয়াস স্টেশন চত্বরে এক টুকরো সম্প্রীতি ও সৌহার্দ্যের আবহ তৈরি করলো।