নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ ত্রিপুরার তিনদিকেই রয়েছে বাংলাদেশ ।ত্রিপুরার সাথে বাংলাদেশের আন্তর্জাতিক সীমানার দক্ষ ৮৫৬ কিলোমিটার ।অর্থাৎ রাজ্যের মোট সীমানার ৮৪ শতাংশ জুড়ে রয়েছে বাংলাদেশের অবস্থান।রাজ্যের সাথে বাংলাদেশের সীমানার ৮৫৬ কিলোমিটারের মধ্যে এখন পর্যন্ত ৮৩৪ কিলোমিটার এলাকায় কাঁটাতারের বেড়ার কাজ সম্পন্ন হয়েছে। কিন্তু এই কাঁটাতারের বেড়ার সংস্কার সাধনের প্রয়োজন হয়ে পড়েছে ।বিষয়টি রাজ্যের মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জানিয়েছেন ।মুখ্যমন্ত্রীর চিঠির পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিশেষ দল রাজ্য সফরে আসবে ।কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই দলটি রাজ্যের সাথে বাংলাদেশ সীমানার কাঁটাতারের বেড়ার বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখবে ।কাঁটাতারের বেড়ার সংস্কার সাধনের প্রয়োজন রয়েছে কিনা তাও খতিয়ে দেখবে দলটি। বৃহস্পতিবার নরসিংগড়ের কেটিডিএস পুলিশ প্রশিক্ষণ একাডেমিতে নবনিযুক্ত কনস্টেবলদের পাসিং আউট প্যারেড অনুষ্ঠানের পর অনুষ্ঠান মঞ্চে সাংবাদিক সম্মেলন করে এই কথা জানান রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা । মুখ্যমন্ত্রী জানান ,কোন কোন স্থানে কাটাতারের বেড়া পুরনো হয়ে গেছে। কিছু স্থানে ওপারের দুর্বৃত্তরা বেড়ার কিছু অংশ কেটে রেখেছে। পাশাপাশি একাধিক নদীর অবস্থান বদলের জন্যও কাঁটাতারের বেড়ার সমস্যা রয়েছে ।এই বিষয়গুলি ছবিসহকারে দিল্লিতে পাঠানো হয়েছে ।তিনি আরো বলেন ,কাঁটাতারের বেড়ার সংস্কার হওয়া প্রয়োজন ।দেশ এবং রাজ্যের নিরাপত্তার স্বার্থেই সংস্কার একান্ত প্রয়োজন।