নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ টালিউডের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি অভিনীত সিনেমা ‘অভিমান’ খুব শিগগিরই বড়পর্দায় মুক্তি পাচ্ছে। এ সিনেমায় আরও অভিনয় করেছেন বর্ষীয়ান অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও যিশু সেনগুপ্ত। মঙ্গলবার (১৯ মে) সিনেমাটির টিজার মুক্তি পেয়েছে, যা দেখে দর্শকরা আন্দাজ করে ফেলেছেন— সিনেমাটি সবার মনে জায়গা করে নিতে পারবে।অনেকেই ‘অভিমান’সিনেমার টিজার শেয়ার করছেন। আগামী দিনে এই সিনেমার পরিবারকে শুভেচ্ছাবার্তা জানিয়েছেন। এবার এর টিজার শেয়ার করে শুভশ্রীসহ গোটা টিমকে শুভেচ্ছাবার্তা জানিয়েছেন আরেক জনপ্রিয় অভিনেতা দীপক অধিকারী ওরফে দেব। ইন্দ্রদীপ দাশগুপ্তের পরিচালনায় ‘অভিমান’ সিনেমাটি যিশু সেনগুপ্ত ও সৌরভ দাসের হোয়াই সো সিরিয়াস প্রযোজনা সংস্থার অধীনে নির্মিত হওয়া প্রথম পূর্ণ দৈর্ঘ্যের ছবি হতে চলেছে। এটি মুক্তি পাবে আগামী ১৯ জুন। মুক্তির ঠিক এক মাস আগে দর্শকদের সামনে নিয়ে আনা হলো টিজারটি। সিনেমাটিতে প্রসেনজিৎ অভিনীত চরিত্রের নাম ‘আকাশ চট্টোপাধ্যায়’। এই সিনেমায় নায়ককে একজন গায়কের ভূমিকায় দেখা যাবে। যিশুর চরিত্রের নাম ‘ঋষি চট্টোপাধ্যায়’। আর শুভশ্রী অভিনীত চরিত্রের নাম ‘শ্রী’। সিনেমায় একটি ত্রিকোণ প্রেমের গল্প দেখতে পাবেন দর্শকরা।এদিকে দ্রুতই শুরু হয়ে যাবে দেব-শুভশ্রী জুটির আগামী সিনেমার শুটিং, যার প্রস্তুতি ইতোমধ্যে শুরু হয়ে গেছে। তবে তার আগে মুক্তি পাবে শুভশ্রীর ‘অভিমান’। প্রসেনজিৎ-শুভশ্রীর আসন্ন এ সিনেমার টিজার সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করে দেব শুভশ্রী, প্রসেনজিৎ, যীশু ও পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্তকে শুভেচ্ছাবার্তা জানিয়েছেন।এদিকে দেব-শুভশ্রীর পরবর্তী সিনেমাটি মুক্তি পাবে চলতি বছর দুর্গাপূজায়। অনেক দিন পর আবার এ জুটিকে বড়পর্দায় দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন দেশু ভক্তরা। যদিও সিনেমাটির নাম এখনো ঠিক করা হয়নি। এতে দেব ও শুভশ্রী ছাড়াও অভিনয় করবেন অনির্বাণ ভট্টাচার্য। যদিও তিনি ঠিক কোন চরিত্রে অভিনয় করবেন, সেটি এখনো জানা সম্ভব হয়নি। বহুল প্রতীক্ষিত এ ছবিটির প্রথম দিনের শো-ও ইতোমধ্যে হাউসফুল। গোল্ডেন টিকিট কিনে ফেলেছেন দর্শকরা, যেখানে উপহারস্বরূপ রয়েছে দেব-শুভশ্রীর অটোগ্রাফ।