জনগণনা ২০২৭-কে সামনে রেখে উত্তর জেলায় সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

May 22, 2026

জনগণনা ২০২৭-কে সামনে রেখে উত্তর জেলায় সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ আসন্ন জনগণনা ২০২৭-কে কেন্দ্র করে উত্তর জেলার জেলাশাসক কার্যালয়ের কনফারেন্স হলে শুক্রবার অনুষ্ঠিত হল এক গুরুত্বপূর্ণ সাংবাদিক সম্মেলন। প্রশাসনের পক্ষ থেকে জনগণনার প্রস্তুতি, নতুন নির্দেশিকা এবং তথ্য সংগ্রহ প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরা হয় এই সম্মেলনে।সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্য জনগণনা কার্যক্রমের পরিচালক রতন বিশ্বাস, জনগণনা কার্যক্রম দলের অ্যাসিস্ট্যান্ট জেনারেল শুভজিৎ দেবরায় এবং উত্তর জেলার অতিরিক্ত জেলাশাসক বিজয় সিনহা সহ একাধিক প্রশাসনিক ব্যাক্তিরা।সাংবাদিক সম্মেলনে আধিকারিকরা জানান, জনগণনা ২০২৭ দেশের অন্যতম বৃহৎ প্রশাসনিক ও পরিসংখ্যান ভিত্তিক কার্যক্রম হতে চলেছে। আগামী ১৭ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত চলা এই কর্মসূচির মাধ্যমে সঠিক তথ্য সংগ্রহ করে উন্নয়নমূলক পরিকল্পনা গ্রহণ, সরকারি প্রকল্প বাস্তবায়ন এবং জনসংখ্যার বিভিন্ন সামাজিক ও অর্থনৈতিক তথ্য নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা হবে।রাজ্য জনগণনা কার্যক্রমের পরিচালক রতন বিশ্বাস জানান, জনগণনার কাজকে আরও স্বচ্ছ ও নির্ভুল করতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো হচ্ছে। এবার পোর্টালের মাধ্যমে নাগরিকরা নিজের তথ্য নিজেরাই লিপিবদ্ধ করার সুযোগ পাবেন। তথ্য সংগ্রহে ডিজিটাল পদ্ধতির উপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে, যাতে দ্রুত ও নির্ভরযোগ্য ভাবে তথ্য সংরক্ষণ সম্ভব হয়।তিনি আরও জানান, জনগণনার কাজে নিযুক্ত কর্মীদের জন্য বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থাও করা হবে। পাশাপাশি সাধারণ মানুষের সক্রিয় সহযোগিতা ছাড়া এই বিশাল কর্মসূচি সফল করা সম্ভব নয় বলেও তিনি উল্লেখ করেন।উত্তর জেলার অতিরিক্ত জেলাশাসক বিজয় সিনহা বলেন, জেলার প্রশাসন জনগণনা কার্যক্রম সফল করতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। তিনি সকল নাগরিককে সঠিক তথ্য দিয়ে প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানান।