দেবভূমিতে রাস্তায় নমাজ পড়তে দেওয়া হবে না, আইন সবার উপরে : পুষ্কর সিং ধামি

May 23, 2026

দেবভূমিতে রাস্তায় নমাজ পড়তে দেওয়া হবে না, আইন সবার উপরে : পুষ্কর সিং ধামি

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ  উত্তরাখণ্ডে প্রকাশ্য রাস্তায় নমাজ পড়ার অনুমতি দেওয়া হবে না বলে স্পষ্ট জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। শুক্রবার এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “রাস্তা সাধারণ মানুষের চলাচলের জন্য। আইন কারও ঊর্ধ্বে নয়।”মুখ্যমন্ত্রী বলেন, চারধাম যাত্রার সময় লক্ষ লক্ষ পুণ্যার্থী উত্তরাখণ্ডে আসছেন। এই পরিস্থিতিতে রাজ্যে শান্তি ও যান চলাচল স্বাভাবিক রাখা সরকারের সবচেয়ে বড় দায়িত্ব। তিনি জানান, ধর্মীয় কর্মকাণ্ড বা প্রতিবাদের জন্য কোনওভাবেই রাস্তা ব্যবহার করতে দেওয়া হবে না।মুখ্যমন্ত্রী আরও বলেন, রাজ্য সরকার সব ধর্ম ও বিশ্বাসকে সম্মান করে। তবে জনস্বার্থ ও আইনশৃঙ্খলা বজায় রাখাই সর্বাধিক গুরুত্বপূর্ণ। তাঁর বক্তব্য, নমাজ মসজিদ, ইদগাহ বা নির্দিষ্ট স্থানে পড়া উচিত। প্রকাশ্য রাস্তায় নমাজ পড়ে সাধারণ মানুষের অসুবিধা সৃষ্টি কোনওভাবেই মেনে নেওয়া হবে না।এদিন কংগ্রেসের বিরুদ্ধে তুষ্টিকরণের রাজনীতি করার অভিযোগও তোলেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, ভোটব্যাঙ্কের রাজনীতির জন্য কিছু রাজনৈতিক দল রাস্তায় নমাজের মতো বিষয়কে সমর্থন করছে। তবে উত্তরাখণ্ড সরকারের নীতি পরিষ্কার— রাজ্যে আইনের শাসনই সর্বোচ্চ।তিনি আরও বলেন, “দেবভূমির শান্তি, সংস্কৃতি ও শৃঙ্খলা বজায় রাখা আমাদের অগ্রাধিকার। কেউ যদি জনজীবন ব্যাহত করে অরাজকতা ছড়ানোর চেষ্টা করে, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”