সীমান্তে সতর্কতা, শিশুদের এমআর টিকাকরণে জোর ঊনকোটি প্রশাসনের।

May 23, 2026

সীমান্তে সতর্কতা, শিশুদের এমআর টিকাকরণে জোর ঊনকোটি প্রশাসনের।

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ বাংলাদেশে বাড়তে থাকা হাম ও রুবেলা সংক্রমণের জেরে সতর্ক অবস্থানে রয়েছে ত্রিপুরা প্রশাসন। শনিবার ঊনকোটি জেলা শাসক অফিসে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে জেলা শাসক ও সমাহর্তা মেঘা জৈন (আইএএস) জানান, সীমান্তবর্তী রাজ্য হওয়ায় ত্রিপুরাতেও সংক্রমণের ঝুঁকি রয়েছে। ইতিমধ্যেই জেলার কয়েকটি এলাকায় হাম রোগের কিছু কেস শনাক্ত হয়েছে বলে তিনি জানান।জেলা শাসক বলেন, হাম-রুবেলা অত্যন্ত সংক্রামক রোগ এবং বিশেষ করে শিশুদের জন্য ঝুঁকিপূর্ণ। তাই এমআর-১ ও এমআর-২ টিকাকরণে জোর দেওয়া হচ্ছে। বর্তমানে ১০ বছর বয়স পর্যন্ত শিশুদেরও টিকাকরণের আওতায় আনা হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে বাড়ি বাড়ি সমীক্ষা, স্বাস্থ্য শিবির এবং সচেতনতা প্রচার চালানো হচ্ছে। পাশাপাশি সীমান্ত এলাকায় স্বাস্থ্য পর্যবেক্ষণও শুরু হয়েছে। অভিভাবকদের উদ্দেশ্যে তিনি আবেদন জানান, কোনও গুজবে কান না দিয়ে শিশুদের সম্পূর্ণ এমআর টিকাকরণ করানোর জন্য।