নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৭ তম জন্মজয়ন্তী উপলক্ষে ধলাই জেলা তথ্য ও সংস্কৃতি কার্যালয়ের উদ্যোগে এবং আমবাসা পুর পরিষদের সহযোগিতায় আয়োজন করা হয় শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান।আমবাসা দশমী ঘাট কমিউনিটি হলে মঙ্গলদীপ প্রজননের মধ্য দিয়ে এই শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের শুভ সূচনা করেন আমবাসা পুর পরিষদের চেয়ারপারসন প্রতি মালাকার। অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন কাউন্সিলর সুমন দেবনাথ তথ্য ও সংস্কৃতি দপ্তরের কর্মী শান্তনু মগ চৌধুরী , সংস্কৃতিমনস্ক ব্যক্তি শুভজিৎ সাহা অন্যান্য।অনুষ্ঠানে উপস্থিত অতিথিগণ বিদ্রোহ কবির প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন।অনুষ্ঠানে অতিথিগণ তাদের বক্তব্যে কাজী নজরুল ইসলামের অসাম্প্রদায়িক চেতনা, সাহিত্যিক অবদান এবং সমাজ সংস্কারে তাঁর অবিস্মরণীয় ভূমিকার কথা তুলে ধরেন। বিশেষ করে কবির সঙ্গীত ও কবিতা কীভাবে আজও আমাদের অনুপ্রাণিত করে, তা নিয়ে আলোচনা করা হয়।কবির কালজয়ী সৃষ্টিকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়ে অনুষ্ঠানটি মুখরিত হয়ে ওঠে নজরুল গীতি , নৃত্য ও কবিতা আবৃত্তির মধ্য দিয়ে। এলাকার বিভিন্ন জায়গা থেকে আগত শিল্পীরা তাদের নাচ-গান ও আবৃতি পরিবেশন করেন । জেলা তথ্য ও সংস্কৃতি কার্যালয় এবং আমবাসা পুর পরিষদের এই যৌথ উদ্যোগকে স্থানীয় সংস্কৃত মহল সাধুবাদ জানিয়েছেন।