নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ বিশ্ব বাজারে ত্রিপুরার ঐতিহ্যবাহী বস্ত্রশিল্পকে পৌঁছে দিতে এক বড় উদ্যোগ নেওয়া হলো ধলাই জেলায়। আজ সোমবার আমবাসার পি.আর.টি.আই কনফারেন্স হলে আয়োজিত হলো "District Level Consultative Programme on Textiles for Global Markets" শীর্ষক এক বিশেষ আলোচনা সভা।ভারত সরকারের বস্ত্র মন্ত্রক এবং ত্রিপুরা সরকারের হ্যান্ডলুম, হ্যান্ডিক্রাফটস অ্যান্ড সেরিকালচার জেলা দপ্তরের যৌথ উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানের মূল লক্ষ্য— ২০৩০ সালের মধ্যে ভারতের ১০০ বিলিয়ন মার্কিন ডলারের টেক্সটাইল রপ্তানির যে ভিশন বা স্বপ্ন রয়েছে, তাতে ত্রিপুরার নিজস্ব রোডম্যাপ তৈরি করা এবং স্থানীয় শিল্পকে বিশ্বমানের করে গড়ে তোলা। প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে এই অনুষ্ঠানের শুভারম্ভ করেন উদ্বোধক তথা দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা । এছাড়াও অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ধলাই জেলা পরিষদের সভাধিপতি সুস্মিতা দাস, আমবাসা পুর পরিষদের চেয়ারপারসন প্রতিমা মালাকার , দপ্তরের অধিকর্তা অজিত শুক্ল দাস , ধলাই জেলার অতিরিক্ত জেলাশাসক ভান লাল ডিকা ডার্লং সহ অন্যান্য। দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা বলেন ত্রিপুরার তাঁত ও হস্তশিল্পের বিশ্ববাজারে এক বিপুল সম্ভাবনা রয়েছে। এই জেলা স্তরের আলোচনা সভায় স্থানীয় উদ্যোক্তা এবং কারিগরদের আন্তর্জাতিক বাজারের চাহিদা অনুযায়ী উন্নতমানের টেক্সটাইল পণ্য উৎপাদন ও রপ্তানির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। মন্ত্রী বলেন, কেন্দ্র ও রাজ্য সরকার চায়ছে এই সম্ভাবনাকে কাজে লাগিয়ে অর্থনৈতিক ভাবে যুব সমাজ সাবলম্বী হয়ে উঠে।