করইলং থেকে ইচারবিল পর্যন্ত রাস্তা  পরিদর্শন করেন  বিধায়িকা কল্যাণী সাহা রায়

Jun 01, 2026

করইলং থেকে ইচারবিল পর্যন্ত রাস্তা পরিদর্শন করেন বিধায়িকা কল্যাণী সাহা রায়

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ অতি সম্প্রতি তেলিয়ামুড়া খোয়াই জাতীয় সড়কের করইলং,  ইচারবিল ইত্যাদি এলাকায় নতুনভাবে তৈরি হতে চলা জাতীয় সড়ক বিশেষ সমস্যা তৈরি করে চলেছে। বিশেষ করে রাস্তার কাজের জন্য দুই ধারের বিভিন্ন বসতি গুলো জলের যন্ত্রণায় নাজেহাল। এই সমস্যার সমাধানের লক্ষ্য নিয়ে গত ২৯ শে মে তেলিয়ামুড়া পুর পরিষদের কনফারেন্স হলে আয়োজিত বৈঠকে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী আজ করইলং থেকে ইচারবিল পর্যন্ত রাস্তার দুই ধারের বিভিন্ন জায়গা স্থানীয় বিধায়িকা তথা  ত্রিপুরা সরকারের মুখ্য সচেতক কল্যাণী সাহা রায় এর নেতৃত্বে এক প্রতিনিধি দল পরিদর্শন করেন। পরিদর্শন কালে স্থানীয়দের সাথে কথা বলার পাশাপাশি বিভিন্ন স্তরের বিশেষজ্ঞ এবং আধিকারিকদের সাথে গোটা সমস্যা নিয়ে বিস্তারিত আকারে আলোচনা করতে দেখা যায় বিধায়িকা সহ অন্যান্য দের।সংবাদমাধ্যমের সাথে কথা বলার সময় বিধায়িকা শ্রীমতি সাহা রায় জানিয়েছেন আক্ষরিক অর্থে সাধারণ মানুষের সমস্যার সমাধান করার জন্যই আজকের এই কর্মসূচি। মূলত বিশেষজ্ঞদের প্রয়োজনীয় পরামর্শ এবং উদ্যোগ যাতে করে এলাকার সাধারণ মানুষকে জল যন্ত্রণা থেকে মুক্তি দিতে পারে তার জন্যই আজকের এই কর্মসূচি বলে জানিয়েছেন বিধায়িকা শ্রীমতি সাহা রায়।অন্যান্যদের মাঝে তেলিয়ামুড়া পুর পরিষদের চেয়ারপারসন রূপক সরকার, ভাইস চেয়ারপারসন মধুসূদন রায় সহ দপ্তরের বিভিন্ন স্তরের কর্তা ব্যক্তি এবং কাউন্সিলর সহ অন্যান্যদের উপস্থিতি পরিলক্ষিত হয়েছে।