নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ গ্রামীণ স্বাস্থ্য পরিষেবাকে আরও গতিশীল ও উন্নত করতে এক বড় পদক্ষেপ নেওয়া হলো ধলাই জেলায়।সোমবার ধলাই জেলার আমবাসা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের কনফারেন্স হলে 'ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সোসাইটি'-র উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে জেলার দশ জন আশা ফেসিলিটেটরদের হাতে ই-সাইকেল তুলে দেওয়া হয়।ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেড বা - এর পক্ষ থেকে এই ই-সাইকেলগুলি প্রদান করা হয়েছে। প্রত্যন্ত এলাকায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে আশা কর্মীরা যে নিরলস পরিশ্রম করেন, এই ই-সাইকেলগুলি তাঁদের সেই দৈনন্দিন যাতায়াতকে আরও সহজ ও সাশ্রয়ী করে তুলবে। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এই বিতরণ পর্বের সূচনা করেন জেলা সভাধিপতি সুস্মিতা দাস । অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন আমবাসা পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন হেমালি দেববর্মা, আমবাসা প্রাথমিক হাসপাতালের এম ও আই সি চিকিৎসক সঙ্গীতা রিয়াং, চিকিৎসক সুধীর দেববর্মা সহ অন্যান্য। বক্তব্য রাখতে গিয়ে ধলাই জেলা পরিষদের সভাধিপতি সুস্মিতা দাস বলেন, ধলাই জেলার মতো পাহাড়ি ও প্রত্যন্ত অঞ্চলে এই পরিবেশবান্ধব ই-সাইকেল আশা ফেসিলিটেটরদের কাজের গতি অনেক বাড়িয়ে দেবে এবং এর ফলে প্রত্যন্ত এলাকার সাধারণ মানুষ আরও দ্রুত স্বাস্থ্য পরিষেবা পাবেন । অনুষ্ঠানের শেষ লগ্নে উপস্থিত অতিথিগণ ১০ জন আশা ফেসিলিটেটরদের হাতে ই সাইকেল তুলে দেন। এই সাইকেল পেয়ে খুশি আশা ফেসিলেটররা।s