ভারত- বাংলাদেশ  দুই সীমান্ত রক্ষী বাহিনীর বৈঠকের প্রাককালে ৫ জুন রাজ্য সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

Jun 02, 2026

ভারত- বাংলাদেশ দুই সীমান্ত রক্ষী বাহিনীর বৈঠকের প্রাককালে ৫ জুন রাজ্য সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ গত ২৬ মে একমাত্র আমরাই প্রথম প্রচার করেছিলাম জুনের প্রথম সপ্তাহে রাজ্য সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ।রাজ্য সফর কালে বাংলাদেশ লাগোয়া একাধিক সীমান্ত এলাকার সরেজমিন পরিদর্শন করবেন তিনি ।সীমান্ত নিরাপত্তা নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠকও  করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ।মঙ্গলবার এই কথারই ঘোষণা দিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা ।তিনি জানান ,আগামী চার জুন মেঘালয়ে উত্তর পূর্বাঞ্চলের নর্থইস্ট কাউন্সিল তথা এনইসি'র ২৩ তম প্লেনারি  বৈঠক অনুষ্ঠিত হতে চলছে ।এই বৈঠকে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ।৫ জুন মেঘালয় থেকে আগরতলায় আসবেন তিনি। আগরতলায় অবস্থানকালে পুষ্প বন্ত প্যালেসে হোটেল তাজ প্যালেসের ভূমি পূজন অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। এরপর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সিপাহীজলা জেলার একাধিক সীমান্ত এলাকার কাঁটাতারের বেড়া  সরেজমিন পরিদর্শন করবেন বলে জানান মুখ্যমন্ত্রী।প্রসঙ্গত উল্লেখ্য যে ,ত্রিপুরার সাথে বাংলাদেশের আন্তর্জাতিক সীমানার দৈর্ঘ্য ৮৫৬ কিলোমিটার, যা রাজ্যের মোট সীমানার ৮৪ শতাংশ। এর মধ্যে এখন পর্যন্ত ৮৩৪ কিলোমিটার এলাকায় কাঁটাতারের বেড়ার কাজ সম্পন্ন হয়েছে। কিন্তু এই কাঁটাতারের বেড়ার সংস্কার সাধনের একান্ত প্রয়োজন হয়ে পড়েছে। কয়েকটি নদীর গতিপথ পরিবর্তনের ফলে কাঁটাতারের বেড়া নিয়ে কিছুটা সমস্যা দেখা দিচ্ছে। বিষয়টি রাজ্যের মুখ্যমন্ত্রী আগেই ছবিসহকারে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জানিয়েছিলেন। আর মুখ্যমন্ত্রীর এই চিঠি পাওয়ার পরেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজে সীমান্ত এলাকা পরিদর্শনে আসার সিদ্ধান্ত নিয়েছেন। এদিকে আগামী ৮ জুন থেকে দিল্লিতে ভারত এবং বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনীর উচ্চ পর্যায়ের আধিকারিকদের গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হতে চলছে। দিল্লিতে অনুষ্ঠিতব্য দুই রক্ষী বাহিনীর বৈঠকের আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর রাজ্য সফর এবং সীমান্ত এলাকা পরিদর্শন বিশেষ গুরুত্বপূর্ণ বলে মনে করছে তথ্যভিজ্ঞ মহল।