আগরতলা-সিমনা সড়কের ব্রম্ক্ষকুন্ডুতে ব্রিজে ধস, বড়সড় দুর্ঘটনার আশঙ্কা

Jun 02, 2026

আগরতলা-সিমনা সড়কের ব্রম্ক্ষকুন্ডুতে ব্রিজে ধস, বড়সড় দুর্ঘটনার আশঙ্কা

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ 

আগরতলা থেকে সিমনা যাওয়ার প্রধান সড়কের ব্রম্ভকুণ্ড শিববাড়ি সংলগ্ন এলাকায় পাকা ব্রিজের এপ্রোচ এবং মাটি ধ্বসে পড়েছে ।টানা বর্ষণে ব্রিজের শিমনা অভিমুখী এপ্রোচের বাঁদিকের এপ্রোচের দেয়ালটি ভেঙে ছড়ার গর্ভে বিলীন হয়ে গেছে ।উপর থেকে রাস্তা স্বাভাবিক দেখালেও পিচ ঢালাইয়ের নিচের মাটি সম্পূর্ণ ধ্বসে যাওয়ায় ব্রিজটি এখন মরণ ফাঁদে পরিনত হয়েছে। জানা গেছে, গত ছয় মাস ধরে ব্রম্ভকুণ্ড পর্যটন কেন্দ্রের নির্মাণ কাজ চলছে ।এর ফলে মাটি এবং পাথর যত্রতত্র স্তূপ করে রাখা হয়েছে ।এতে বৃষ্টির জল নিষ্কাশন ব্যবস্থা বন্ধ হয়ে গেছে ।বৃষ্টির জল বিকল্প কোন পথ না পেয়ে ব্রিজের পাশ দিয়ে প্রচন্ড গতিতে নামতে থাকে ।এর ফলেই  বিশাল গর্তের সৃষ্টি হয়। বর্তমানে বাঁ দিকে চেপে কোন যানবাহন ব্রিজে উঠতে গেলেই রাস্তা ধসে গাড়ি উল্টে যাওয়ার তীব্র ঝুঁকি রয়েছে ।স্থানীয় অটোচালক এবং সাধারণ জনগণ অবিলম্বে ব্রিজের এপ্রোচ মেরামতের দাবি জানিয়েছেন ।স্থানীয়দের অভিমত ,যে কোন সময়ই বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারে ।পূর্ত দপ্তরকে অবিলম্বে সংশ্লিষ্ট বিষয়ে নজর দেওয়া উচিত বলে মনে করছেন স্থানীয়রা।এদিকে সোমবার গভীর রাত থেকে ব্রিজের এমন অবস্থা থাকা সত্ত্বেও স্থানীয় প্রশাসন এবং পূর্ত দপ্তরের কোন হেলদোল নেই ।একটি প্রধান সড়কের ব্রিজের এমন ভয়ঙ্কর অবস্থা নিয়ে প্রশাসন এবং পূর্ত দপ্তরের নীরব ভূমিকায় জনমনের তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।