অসহায় মহিলাদের স্বনির্ভর করতে তেলিয়ামুড়ায় উদ্বোধন হল ‘শক্তি সদন’

Jun 03, 2026

অসহায় মহিলাদের স্বনির্ভর করতে তেলিয়ামুড়ায় উদ্বোধন হল ‘শক্তি সদন’

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ  মহিলাদের সুরক্ষা, পুনর্বাসন এবং স্বনির্ভরতার লক্ষ্যে তেলিয়ামুড়ায় গড়ে উঠল ‘শক্তি সদন’। ত্রিপুরা আদিবাসী মহিলা সমিতির উদ্যোগে প্রতিষ্ঠিত এই কেন্দ্রটি অসহায় ও দুঃস্থ মহিলাদের আশ্রয়, শিক্ষা এবং দক্ষতা উন্নয়নের সুযোগ প্রদান করবে।বুধবার এক আনন্দঘন পরিবেশে আনুষ্ঠানিকভাবে এই প্রকল্পের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কল্যাণী সাহা রায়, রূপক সরকার, নন্দন রায় সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং সংস্থার কর্মকর্তারা।অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের পিছিয়ে পড়া ও অসহায় মহিলাদের নিরাপদ আশ্রয় প্রদানের পাশাপাশি তাদের বিভিন্ন ধরনের প্রশিক্ষণ ও শিক্ষার মাধ্যমে স্বনির্ভর করে তোলাই ‘শক্তি সদন’-এর মূল লক্ষ্য। এখানে বসবাসকারী মহিলাদের জন্য দক্ষতা উন্নয়নমূলক কর্মসূচি, আত্মনির্ভরশীলতা বৃদ্ধির প্রশিক্ষণ এবং প্রয়োজনীয় সামাজিক সহায়তা প্রদান করা হবে।ত্রিপুরা আদিবাসী মহিলা সমিতি দীর্ঘদিন ধরে মহিলাদের কল্যাণে বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে। সেই ধারাবাহিকতায় ‘শক্তি সদন’ প্রকল্পটি সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মহিলাদের জন্য নতুন আশার আলো হয়ে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত অতিথিরা।উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় বাসিন্দাদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। নতুন এই উদ্যোগকে স্বাগত জানিয়ে এলাকাবাসী আশা প্রকাশ করেন, শক্তি সদন ভবিষ্যতে বহু অসহায় মহিলার জীবনকে নতুন দিশা দেখাবে এবং তাদের স্বাবলম্বী হয়ে ওঠার পথ সুগম করবে।