নাগেরজলায় শ্রমিকদের বিক্ষোভ, কাউন্সিলরের বিরুদ্ধে চাঁদাবাজি ও হামলার অভিযোগ

Jun 03, 2026

নাগেরজলায় শ্রমিকদের বিক্ষোভ, কাউন্সিলরের বিরুদ্ধে চাঁদাবাজি ও হামলার অভিযোগ

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ পরিবহন কেন্দ্র নাগেরজলায় বুধবার তীব্র উত্তেজনার সৃষ্টি হয় শ্রমিকদের বিক্ষোভকে কেন্দ্র করে। পরিবহন শ্রমিকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে তাদের উপর চাপ সৃষ্টি করা হচ্ছিল। পাশাপাশি চাঁদাবাজি, তোলাবাজি এবং শ্রমিকদের হয়রানির ঘটনাও ঘটেছে বলে দাবি তাদের।এই অভিযোগের প্রতিবাদে নাগেরজলার সমস্ত পরিবহন পরিষেবা সাময়িকভাবে বন্ধ রেখে আন্দোলনে সামিল হন শ্রমিকরা। আন্দোলনকারীদের বক্তব্য, প্রশাসনের কাছে বারবার বিষয়টি জানানো হলেও সমস্যার সমাধান হয়নি। অন্যদিকে আন্দোলন চলাকালীন হামলার ঘটনাও ঘটেছে বলে অভিযোগ উঠেছে। শ্রমিকদের দাবি, বিএমএসের কয়েকজন কর্মীর উপর আক্রমণ চালানো হয়। এতে অন্তত তিন থেকে চারজন আহত হন বলে জানা গেছে। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর নাগেরজলা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনী এলাকায় নজরদারি বাড়িয়েছে। তবে হামলার ঘটনায় কারা জড়িত এবং অভিযোগের সত্যতা কতটা, তা খতিয়ে দেখছে পুলিশ।এদিকে কাউন্সিলর অভিজিৎ মল্লিকের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়টি সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেন তিনি। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কর্পোরেটর অভিজিৎ মল্লিক জানান, “এই ধরনের ঘটনা সঠিক নয়। কতিপয় লোক পরিকল্পিতভাবে পরিবহন ব্যবস্থা বন্ধ করে দেওয়ার চেষ্টা করে, যার ফলে সাধারণ যাত্রীরা চরম অসুবিধার সম্মুখীন হন। পরে স্থানীয় জনগণই উদ্যোগ নিয়ে পুনরায় পরিবহন ব্যবস্থা স্বাভাবিক করেন।” পাশাপাশি তিনি আরও অভিযোগ করেন, ওই এলাকায় ভারতীয় মজদুর সংঘ (বিএমএস)-এর কোনও সংগঠন নেই এবং লিটন কর নামের ব্যক্তি বিএমএস-এর কোনও সংগঠনের সঙ্গেও যুক্ত নন বলে দাবি করেন তিনি।পরিবহন পরিষেবা বন্ধ থাকায় সাধারণ যাত্রীদেরও দুর্ভোগের মুখে পড়তে হয়েছে। এখন প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কী পদক্ষেপ গ্রহণ করে, সেদিকেই নজর নাগেরজলার শ্রমিক মহল ও সাধারণ মানুষের।