নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ মানব সভ্যতার ধারক এবং বাহক হল প্রকৃতি ।সৃষ্টিকর্তা নিজ হাতে রং তুলির ক্যানভাসে বিশ্ব প্রকৃতিকে অপরূপ শিল্পকর্মে সাজিয়ে তুলেছেন ।কিন্তু মানব সমাজ সভ্যতার বিকাশের স্বার্থে এই প্রকৃতিকে আজ এক কঠিন চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়েছে ।এই চ্যালেঞ্জ মোকাবিলায় রাষ্ট্রসঙ্ঘের উদ্যোগে সুইডেনের রাজধানী স্টকহোমে ১৯৭২ সালের ৫ থেকে ১৬ জুন অনুষ্ঠিত হয় মানব পরিবেশ সংক্রান্ত প্রথম বিশ্ব সম্মেলন। সম্মেলনে উপস্থিত বিশ্বের ১১৩ টি দেশ একসাথে স্লোগান তুলেছিল 'অনলি ওয়ান আর্থ'। আর এই কর্মযজ্ঞ কে স্মরণীয় রাখতে ,পাশাপাশি পরিবেশ সংরক্ষণে সক্রিয়ভাবে জনগণকে শামিল করতে ১৯৭৩ সালে রাষ্ট্র সংঘ প্রতি বছর বিশ্ব পরিবেশ দিবস পালনের সিদ্ধান্ত নিয়েছিল। সেই হিসেবে ১৯৭৪ সাল থেকে প্রতিবছর পাঁচ জুন পালিত হয়ে আসছে বিশ্ব পরিবেশ দিবস। সেই সূত্র ধরেই শুক্রবার ৫২ তম বিশ্ব পরিবেশ দিবস পালন করছে গোটা দুনিয়া। পরিবেশ সুরক্ষায় চলছে বিভিন্ন কর্মযজ্ঞ ।সারা বিশ্ব এবং দেশের সাথে রাজ্যেও শুক্রবার পালিত হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস ।এই উপলক্ষে এদিন সকালে আগরতলায় এক সচেতনতামূলক রেলির আয়োজন করে ত্রিপুরি রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ। এই রেলিতে অংশগ্রহণ করেন রাজ্যের বন ও পরিবেশ দপ্তরের মন্ত্রী অনিমেষ দেববর্মা ।এছাড়াও রাজ্যের বিভিন্ন সামাজিক সংগঠন ও ক্লাবের প্রতিনিধিরাও এই রেলিতে অংশগ্রহণ করেন ।এই অনুষ্ঠান প্রসঙ্গে বলতে গিয়ে বন ও পরিবেশমন্ত্রী অনিমেষ দেববর্মা জানান ,আজ কঠিন চ্যালেঞ্জের সামনে এসে দাঁড়িয়েছে আমাদের পরিবেশ ।পরিবেশকে রক্ষা করতে সকলকে এগিয়ে আসতে হবে। শুধু এগিয়ে আসলেই চলবে না ,কি শহর, কি গ্রাম প্রতিটি ঘর ঘর থেকে পরিবেশকে সুস্হ রাখার উদ্যোগ গ্রহণ করতে হবে।এই রেলিটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে ।রেলিতে অংশগ্রহণকারী একদল পরিবেশকর্মী সমবেত গান গেয়ে পরিবেশ সুরক্ষায় জনমনে সচেতনতার বার্তা ছড়ান।