নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ প্রবীণ নাগরিকদের কল্যাণ এবং তাঁদের বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধা সম্পর্কে সচেতন করতে আমবাসায় অনুষ্ঠিত হলো একটি গুরুত্বপূর্ণ সচেতনতা শিবির। কেন্দ্রীয় সরকারের সামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়ন মন্ত্রকের অধীনে থাকা "অটল বয়ো অভ্যুদয় যোজনা" প্রকল্পের আওতায় এই কর্মসূচির আয়োজন করা হয়। ২০২৫-২৬ এবং ২০২৬-২৭ আর্থিক বছরকে সামনে রেখে প্রবীণ নাগরিকদের অধিকার ও জীবনযাত্রার মানোন্নয়নে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।শুক্রবার আমবাসা মিউনিসিপ্যাল কাউন্সিলের কনফারেন্স হলে এই সচেতনতা শিবিরের সূচনা হয়। অটল বয়ো অভ্যুদয় যোজনার মূল লক্ষ্য হলো সমাজের প্রবীণ নাগরিকদের স্বাস্থ্য, সুরক্ষা এবং পুষ্টি নিশ্চিত করা। আজকের এই কর্মসূচিতে এলাকার বহু প্রবীণ নাগরিক অংশ নেন। সভায় উপস্থিত আধিকারিকরা প্রবীণদের জন্য সরকারের বিভিন্ন কল্যাণমুখী স্কিম ও আইনি অধিকারগুলো অত্যন্ত সহজ ভাষায় বুঝিয়ে বলেন।সিডিপিও কাজল কলই বলেন, মূল উদ্দেশ্য হলো প্রত্যেক প্রবীণ নাগরিক যেন এই অটল বয়ো অভ্যুদয় যোজনার সুবিধা পান। এই শিবিরের মাধ্যমে সরাসরি তাদের কাছে সরকারি সুবিধা পৌঁছানোর চেষ্টা করা হচ্ছে।আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিডিপিও আমবাসা কাজল কলই, আইনজীবী পরিতোষ দত্ত সহ অন্যান্য। এই ধরণের শিবিরের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের বয়োজ্যেষ্ঠ মানুষজনও তাঁদের প্রাপ্য অধিকার সম্পর্কে আরও সচেতন হতে পারবেন বলে আশা প্রকাশ করা হচ্ছে।