নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ শনিবার আগরতলা পুর নিগমের ১১ নম্বর ওয়ার্ডের অভয়নগর বাজার এলাকার একটি পুকুর সংস্কার কাজ পরিদর্শন করেন মেয়রবদীপক মজুমদার। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ১১ নম্বর ওয়ার্ডের কর্পোরেটর হিরালাল দেবনাথ, সম্পা সরকার সহ অন্যান্যরা।পরিদর্শন শেষে মেয়র জানান, আগরতলা শহরের বিভিন্ন উন্নয়নমূলক কাজ ধারাবাহিকভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। অভয়নগর বাজারের এই পুকুর সংস্কারের কাজ আগামী ১০ দিনের মধ্যে সম্পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে। কাজ শেষ হলে মুখ্যমন্ত্রীর হাত ধরে এর উদ্বোধন করা হবে এবং এলাকার সাধারণ মানুষের ব্যবহারের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।জানা গেছে, প্রায় ৫০ বছরের পুরনো এই পুকুরটি দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় ছিল। পুকুরপাড় জঞ্জালে ভরে যাওয়ায় স্থানীয় বাসিন্দারা সংস্কারের দাবি জানিয়ে আসছিলেন। কর্পোরেটরের বিশেষ তত্ত্বাবধান এবং এলাকাবাসীর সহযোগিতায় বর্তমানে পুকুরটির সংস্কার কাজ চলছে।প্রকল্পের আওতায় পুকুরের চারপাশে পাড় বাঁধানো, জলকে ব্যবহার উপযোগী করে তোলা এবং পুকুরপাড়ে মানুষের হাঁটা-চলার উপযোগী পরিবেশ গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। স্থানীয়দের আশা, সংস্কার কাজ সম্পূর্ণ হলে এটি এলাকার সৌন্দর্য বৃদ্ধি ও জনসাধারণের উপকারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।