শ্রম কোড বাতিলের দাবিতে আগস্টে আগরতলায় শ্রমিক জমায়েত করবে সি আই টি ইউ

Jun 06, 2026

শ্রম কোড বাতিলের দাবিতে আগস্টে আগরতলায় শ্রমিক জমায়েত করবে সি আই টি ইউ

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ শ্রম কোড বাতিলের দাবিতে সারা দেশের বিভিন্ন শ্রমিক সংগঠন গুলির কর্মসূচীর সাথে তাল মিলিয়ে রাজ্যেও বৃহত্তর শ্রমিক আন্দোলন সংঘটিত করতে চলেছে সি আই টি ইউ ।এদিন সাংবাদিক সম্মেলন করে এই আন্দোলন সূচি ঘোষণা করেন সিআইটিইউ রাজ্য সভাপতি মানিক দে এবং সাধারণ সম্পাদক শংকর প্রসাদ দত্ত ।সাংবাদিক সম্মেলনে সিটু রাজ্য সভাপতি মানিক দে বলেন, এই রাজ্যে শ্রমকোড লাগু করা হলে রাস্তায় নেমে এর বিরুদ্ধে প্রতিবাদ জানানো হবে ।কারণ আইন মানুষের জন্য। কোন নিষেধাজ্ঞা মানা হবেনা। সিটু রাজ্য সভাপতি আরো জানান ,ধর্মঘট পালন করে ধর্মঘট করার অধিকার আদায় করা হবে। তেমনিভাবে মিছিল করে মিছিলের অধিকার আদায় করা হবে।সাংবাদিক সম্মেলনে সিআইটিইউ রাজ্য সাধারণ সম্পাদক শঙ্কর প্রসাদ দত্ত বলেন ,শ্রম কোডের বিরুদ্ধে দেশব্যাপী আন্দোলন হচ্ছে। রাজ্যেও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।আগামী আগস্ট মাসে শ্রমকোড বাতিলের দাবিতে সরকারের উপর চাপ সৃষ্টি করতে রাজধানীতে বিশাল শ্রমিক জমায়েত সংঘটিত করা হবে। তিনি আরো জানান, এর আগে জুন এবং জুলাই মাস ব্যাপী সংগঠনের ২৪ টি সাংগঠনিক মহকুমায় শ্রমজীবী মানুষকে নিয়ে সমাবেশ করে শ্রমও কোড বাতিলের দাবি জানানো হবে।এদিন বিদ্যুৎ মাসুল বৃদ্ধির সিদ্ধান্তের বিরুদ্ধেও তীব্র প্রতিবাদ জানান সিআইটিইউ নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ জানান ,সুকৌশলে বিদ্যুৎ বিলের দাম বৃদ্ধি করা হয়েছে। আইন না থাকলেও স্মার্ট মিটার চালু করা হচ্ছে। বিষয়টি নিয়ে বিভিন্ন রাজ্যে ক্ষোভ ছড়িয়েছে ।নেতৃবৃন্দের অভিযোগ, স্মার্ট মিটার চালু করে বিভিন্ন তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। সমস্যার সমাধান নিয়ে সরকারকে শ্রমিক সংগঠনগুলির সাথে আলোচনায় বসার দাবি জানিয়েছেন নেতৃবৃন্দ।