নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ শিলিগুড়ি থেকে দিল্লি পর্যন্ত বুলেট ট্রেনের ঘোষণা করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। শনিবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে পাশে নিয়ে তাঁর ঘোষণা, শিলিগুড়ি থেকে ছ'ঘণ্টায় পটনা, বারাণসী, কানপুর হয়ে দিল্লি পৌঁছবে বুলেট ট্রেন। শীঘ্রই কাজ শুরু হবে। শনিবার নবান্নে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এর আগে পশ্চিমবঙ্গে রেলের বিভিন্ন কাজে অনুমতি না দেওয়ায় আগের তৃণমূল সরকারকে আক্রমণ করেন রেলমন্ত্রী। সাংবাদিকদের মুখোমুখি হয়ে অশ্বিনী বৈষ্ণব পশ্চিমবঙ্গকে বাঁচানোর জন্য সকলকে ধন্যবাদ জানান। তিনি জানান, তৃণমূল সরকার রেলের কাজে অনুমতি দিত না। এতদিন পশ্চিমবঙ্গে উন্নয়ন আটকে রাখা হয়েছিল। এবার কাজ করার জন্য সকলকে তৈরি হওয়ার বার্তা দেন রেলমন্ত্রী। তিনি আরও জানান, রেলের কাজ আটকাতে হাইকোর্টে গিয়েছে আগের সরকার। হাইকোর্টের রায় পছন্দ না হওয়ায় সুপ্রিম কোর্টেও গিয়েছে তারা। তাঁর কথায়, কলকাতাবাসী যাতে মেট্রো পরিষেবা না পান সেই কারণে সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়েছে তৃণমূল সরকার। কিন্তু এবার থেকে পশ্চিমবঙ্গে পুরো উদ্যোমে কাজ শুরু হবে।