নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ শনিবার রাজ্য সচিবালয় নবান্নে একটি বৈঠকে রেল, তথ্য ও সম্প্রচার এবং ইলেকট্রনিক্স ও কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আগামী চার-পাঁচ বছরে কলকাতা মেট্রো নেটওয়ার্কের আধুনিকীকরণে ৬০টি নতুন প্রজন্মের মেট্রো রেক চালু করার কথা ঘোষণা করেন। এদিন তিনি মেট্রোর দ্রুত সম্প্রসারণের ওপর আলোকপাত করেন| এছাড়া, ডানকুনি থেকে গুজরাটের সুরাট পর্যন্ত প্রস্তাবিত পূর্ব-পশ্চিম ডেডিকেটেড গ্রিনফিল্ড ফ্রেট করিডোরের ওপর জোর দিয়ে তিনি বলেন, ২ হাজার ৫২ কিমি দীর্ঘ এই রুটটি ভারতের পূর্বাঞ্চলীয় এবং পশ্চিমাঞ্চলীয় শিল্প কেন্দ্রগুলির মধ্যে লজিস্টিকস এবং বাণিজ্য দক্ষতা বৃদ্ধির জন্য তৈরি করা হচ্ছে।এদিন কেন্দ্রীয় মন্ত্রী আরও বলেন, পশ্চিমবঙ্গকে রেকর্ড ১৪ হাজার ২০৫ কোটি টাকার রেল বাজেট বরাদ্দ করা হয়েছে, যা আগামী দিনে যাত্রী সুবিধা ও লজিস্টিকস পরিষেবাগুলিকে গতিশীল করবে। উল্লেখ্য, এদিনের এই বৈঠকে পূর্ব রেল, দক্ষিণ-পূর্ব রেল ও মেট্রো রেলের উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন।