স্বাস্থ্যক্ষেত্রে উল্লেখযোগ্য উন্নতি হয়েছে, তা মানতে চাইছে না কংগ্রেস: নাড্ডা

Jun 08, 2026

স্বাস্থ্যক্ষেত্রে উল্লেখযোগ্য উন্নতি হয়েছে, তা মানতে চাইছে না কংগ্রেস: নাড্ডা

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ দেশের স্বাস্থ্য পরিষেবার উন্নয়ন নিয়ে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে-র মন্তব্যের কড়া জবাব দিলেন কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী জে পি নাড্ডা। শনিবার তিনি বলেন, জনস্বাস্থ্যের মতো গুরুত্বপূর্ণ বিষয়কে রাজনৈতিক মন্তব্যের মধ্যে সীমাবদ্ধ রাখা উচিত নয়। খাড়গের তথ্য অসম্পূর্ণ এবং বিভ্রান্তিকর। বিচ্ছিন্ন কিছু পরিসংখ্যান তুলে ধরে সামগ্রিক চিত্র বিচার করা যায় না।শনিবার এক্স-এ পোস্ট করে নাড্ডা দাবি করেন, মোদী সরকারের আমলে দেশের স্বাস্থ্যক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হয়েছে। জাতীয় পরিবার স্বাস্থ্য সমীক্ষা (এনএফএইচএস)-এর তথ্য তুলে ধরে তিনি জানান, ২০০৫-০৬ সালের এনএফএইচএস-৩-এর তুলনায় মাতৃস্বাস্থ্য পরিষেবার একাধিক সূচকে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।তাঁর দাবি, গর্ভাবস্থার প্রথম ত্রৈমাসিকে স্বাস্থ্যকেন্দ্রে নথিভুক্ত হওয়া মহিলার হার ৪৩.৯ শতাংশ থেকে বেড়ে ৭৬.২ শতাংশে পৌঁছেছে। প্রাতিষ্ঠানিক প্রসবের হার ৩৮.৭ শতাংশ থেকে বেড়ে হয়েছে ৯০.৬ শতাংশ এবং প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মীর তত্ত্বাবধানে প্রসবের হার ৪৬.৬ শতাংশ থেকে বেড়ে ৯১.৩ শতাংশে দাঁড়িয়েছে।নাড্ডা বলেন, এই পরিসংখ্যান কেবল সংখ্যা নয়, কোটি কোটি মহিলার কাছে সময়মতো স্বাস্থ্য পরিষেবা, নিরাপদ প্রসব এবং উন্নত চিকিৎসা পৌঁছে যাওয়ার প্রমাণ। ভারতের স্বাস্থ্যব্যবস্থার প্রকৃত চিত্র হতাশার নয়, বরং ধারাবাহিক উন্নয়ন ও অগ্রগতির।কংগ্রেসকে আক্রমণ করে তিনি বলেন, সবচেয়ে উদ্বেগের বিষয় হল স্বাস্থ্যক্ষেত্রে ইতিবাচক পরিবর্তনগুলিকে স্বীকার করতে অনীহা। দীর্ঘদিন ধরে দেশ দুর্বল স্বাস্থ্য পরিকাঠামো, সীমিত চিকিৎসা পরিষেবা এবং অপর্যাপ্ত স্বাস্থ্যব্যবস্থার সমস্যায় ভুগেছে। তবে বর্তমানে সেই পরিস্থিতির উল্লেখযোগ্য পরিবর্তন হয়েছে।

বিভাগ