সোনারপুরে হামলার পর নিরাপত্তা চাইনি : অভিষেক বন্দ্যোপাধ্যায়

Jun 08, 2026

সোনারপুরে হামলার পর নিরাপত্তা চাইনি : অভিষেক বন্দ্যোপাধ্যায়

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ সোনারপুরে তাঁর ওপর হামলার ঘটনার পর তিনি কোনও কেন্দ্রীয় নিরাপত্তা দাবি করেননি বলে স্পষ্ট জানিয়ে দিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে তিনি লিখেছেন, এই বিষয়ে সংবাদমাধ্যমের একাংশে যে খবর পরিবেশন করা হচ্ছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন এবং অসত্য।অভিষেক জানান, ৩০ মে ঘটে যাওয়া ওই ঘটনার পর গত সাত দিনে তিনি কোনও প্রকার কেন্দ্রীয় নিরাপত্তার জন্য আবেদন করেননি। তিনি আরও বলেন, এই বিষয়টি রাজ্য ও কেন্দ্র—উভয় সরকারেরই জানা রয়েছে এবং এই অনভিপ্রেত ঘটনার জন্য দুই পক্ষকেই জবাবদিহি করতে হবে।সাংসদ উল্লেখ করেন, গত এক মাসে পশ্চিমবঙ্গে ধর্ষণ এবং সাধারণ মানুষের বিরুদ্ধে একাধিক গুরুতর অপরাধের ঘটনা ঘটেছে, যার মধ্যে অনেক ক্ষেত্রেই এখনও পর্যন্ত কোনও সন্তোষজনক জবাব মেলেনি। তাঁর মতে, রাজ্যের মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করাই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার হওয়া উচিত।রাজনৈতিক প্রচার এবং বিভ্রান্তিকর তথ্যের ওপর নজর না দিয়ে, রাজ্য ও কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থাগুলিকে সাধারণ মানুষের নিরাপত্তার দিকে আরও বেশি মনোনিবেশ করার আবেদন জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, রাজ্যের জনতা নিরাপত্তা, জবাবদিহিতা এবং প্রকৃত সত্য জানার অধিকার রাখে।উল্লেখ্য, সম্প্রতি সোনারপুরে দলের এক মৃত কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে স্থানীয় মানুষের তীব্র ক্ষোভের মুখে পড়তে হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। সেই সময় তাঁর সঙ্গে ধস্তাধস্তি করা হয়, জামাকাপড় ছিঁড়ে দেওয়া হয়, চশমা ভেঙে যায় এবং তাঁর ওপর ডিম ও পাথরও ছোঁড়া হয়। এই ঘটনার পর তিনি কেন্দ্রীয় নিরাপত্তা চাইতে পারেন বলে জল্পনা ছড়ায়, যা তিনি এবার পুরোপুরি খণ্ডন করলেন।

বিভাগ