পঞ্চায়েত কর্তৃপক্ষকে সংবর্ধনা জানালেন মন্ত্রী সুধাংশু দাস

Jun 08, 2026

পঞ্চায়েত কর্তৃপক্ষকে সংবর্ধনা জানালেন মন্ত্রী সুধাংশু দাস

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ    ত্রিপুরার ঊনকোটি জেলার ফটিকরায় বিধানসভাধীন কাঞ্চনবাড়ি গ্রাম পঞ্চায়েত অর্জন করেছে জাতীয় স্বীকৃতি। দেশের সেরা সুস্থ পঞ্চায়েত হিসেবে সম্মানিত হয়েছে এই পঞ্চায়েত। দিল্লিতে কেন্দ্রীয় পঞ্চায়েত মন্ত্রীর হাত থেকে পুরস্কার গ্রহণের পর এবার পঞ্চায়েত কর্তৃপক্ষকে সংবর্ধনা জানালেন ত্রিপুরা সরকারের মন্ত্রী তথা ফটিকরায়ের বিধায়ক সুধাংশু দাস।             স্বাস্থ্যসচেতনতা,   জনস্বাস্থ্য পরিষেবা এবং মানুষের সার্বিক সুস্থতার লক্ষ্যে ধারাবাহিক কাজের স্বীকৃতি পেল ত্রিপুরার ঊনকোটি জেলার কাঞ্চনবাড়ি গ্রাম পঞ্চায়েত। দেশের মধ্যে সুস্থ পঞ্চায়েত হিসেবে নির্বাচিত হয়ে জাতীয় স্তরে সম্মান অর্জন করেছে এই পঞ্চায়েতটি।

এই সাফল্যের স্বীকৃতিস্বরূপ চলতি মাসের ৯ জুন দিল্লিতে আয়োজিত এক অনুষ্ঠানে কেন্দ্রীয় পঞ্চায়েত মন্ত্রী রাজীব রঞ্জন সিং-এর হাত থেকে সম্মাননা ও পুরস্কার গ্রহণ করেন সংশ্লিষ্ট পঞ্চায়েতের প্রতিনিধিরা।

দিল্লি থেকে পুরস্কার নিয়ে ফেরার পর ফটিকরায়ের বিজেপি মণ্ডল কার্যালয়ে পঞ্চায়েতের জনপ্রতিনিধিদের সংবর্ধনা জানান ত্রিপুরা সরকারের মন্ত্রী তথা ফটিকরায়ের বিধায়ক সুধাংশু দাস। অপরদিকে পঞ্চায়েতের পক্ষ থেকেও মন্ত্রীকে সংবর্ধিত করা হয় ফুলের তোড়া ও স্মারক উপহার দিয়ে।

এই প্রসঙ্গে প্রতিক্রিয়া দিতে গিয়ে মন্ত্রী সুধাংশু দাস বলেন, কাঞ্চনবাড়ি গ্রাম পঞ্চায়েতের এই সাফল্য শুধু পঞ্চায়েত এলাকার নয়, গোটা ফটিকরায় বিধানসভা ও ত্রিপুরা রাজ্যের জন্য গর্বের বিষয়। তিনি জানান, গর্ভবতী মহিলাদের স্বাস্থ্যসুরক্ষা, ডায়াবেটিস ও চক্ষুরোগীদের চিকিৎসা পরিষেবা প্রদানসহ জনস্বাস্থ্যের বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে এই পঞ্চায়েত। আর সেই ধারাবাহিক প্রচেষ্টার ফল হিসেবেই এসেছে জাতীয় স্বীকৃতি।

এদিকে এই সাফল্যের জন্য পঞ্চায়েত এলাকার সাধারণ মানুষ, স্বাস্থ্যকর্মী, বিভিন্ন সহায়ক দল, পঞ্চায়েত দপ্তর এবং জনপ্রতিনিধিদের ধন্যবাদ জানান কাঞ্চনবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান শেলি ভট্টাচার্য।

তিনি বলেন, সুস্থ পঞ্চায়েত গড়ে তোলার লক্ষ্যে নির্দিষ্ট পরিকল্পনা নিয়ে কাজ করেছিল পঞ্চায়েত। কেন্দ্র নির্ধারিত নয়টি থিমের মধ্যে সুস্থ পঞ্চায়েত থিমকে অগ্রাধিকার দিয়ে জনস্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হয়। সেই প্রচেষ্টার ফলস্বরূপ আজ জাতীয় স্তরে এই স্বীকৃতি অর্জন সম্ভব হয়েছে।

আগামী দিনেও এলাকার অসম্পূর্ণ উন্নয়নমূলক কাজ সম্পূর্ণ করার পাশাপাশি স্বাস্থ্য ও জনকল্যাণমূলক কর্মসূচি আরও জোরদার করার আশ্বাস দেন তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চায়েতের উপপ্রধান, অন্যান্য জনপ্রতিনিধি এবং বিশিষ্টরা।

জাতীয় স্তরে এই সাফল্যের পর এলাকাবাসীর প্রত্যাশা, আগামী দিনেও উন্নয়ন ও জনসেবামূলক কর্মকাণ্ডে আরও এগিয়ে যাবে কাঞ্চনবাড়ি গ্রাম পঞ্চায়েত।

বিভাগ