নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ রাজ্যের বিদ্যুৎ পরিষেবা নিয়ে সাধারণ মানুষের ক্ষোভ ও দুর্ভোগের বিষয়কে সামনে রেখে আন্দোলনে নামল সদর জেলা কংগ্রেস কমিটি। সোমবার আগরতলায় ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেড (TSECL)-এর কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করে দলীয় কর্মী-সমর্থকরা।বিক্ষোভে অংশ নিয়ে কংগ্রেস নেতারা অভিযোগ করেন, রাজ্যে বিদ্যুৎ পরিষেবার মান ক্রমশ অবনতি হচ্ছে। ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাট, ভোল্টেজের ওঠানামা এবং বিভিন্ন কারিগরি সমস্যার কারণে সাধারণ মানুষকে নিত্যদিন ভোগান্তির শিকার হতে হচ্ছে।এছাড়াও স্মার্ট মিটার চালুর ফলে গ্রাহকদের ওপর অতিরিক্ত আর্থিক চাপ সৃষ্টি হয়েছে বলে দাবি করেন আন্দোলনকারীরা। বিদ্যুতের মাশুল বৃদ্ধি এবং বিদ্যুৎ দপ্তরে দুর্নীতির অভিযোগ তুলে এসব বিষয়ে সরকারের কাছে জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করার দাবি জানান তারা।বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন কংগ্রেসের মুখপাত্র প্রবীর চক্রবর্তী। তিনি বলেন, জনস্বার্থে বিদ্যুৎ পরিষেবার মান উন্নয়ন, স্মার্ট মিটার সংক্রান্ত অভিযোগগুলির সুষ্ঠু সমাধান এবং বিদ্যুতের বাড়তি মাশুল পুনর্বিবেচনা করা জরুরি। সাধারণ মানুষের স্বার্থে সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তিনি।আন্দোলনকারীদের দাবি, বিদ্যুৎ পরিষেবাকে আরও জনবান্ধব, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত উদ্যোগ নিতে হবে। পাশাপাশি গ্রাহকদের দীর্ঘদিনের সমস্যাগুলির স্থায়ী সমাধানেরও দাবি জানানো হয়।বিদ্যুৎ পরিষেবা ও স্মার্ট মিটার ইস্যুকে কেন্দ্র করে কংগ্রেসের এই বিক্ষোভ কর্মসূচি রাজ্যের রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা সৃষ্টি করেছে। আন্দোলনকারীদের হুঁশিয়ারি, জনস্বার্থে দ্রুত সমস্যার সমাধান না হলে আগামী দিনে আরও বৃহত্তর গণআন্দোলনের কর্মসূচি গ্রহণ করা হবে।