নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ বৈদ্যুতিক টাওয়ারের গার্ডওয়াল ভেঙ্গে বাড়ি তচনচ হয়ে গেল এক বৃদ্ধা মহিলার। তখন বাড়িতে লোকজন না থাকায় প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যরা। ঘটনা মঙ্গলবার সকালে উত্তর জেলার চুরাইবাড়ি থানাধীন পূর্ব চুরাইবাড়ি গ্রামের ৩নং ওয়ার্ডের আনোয়ারা বেগমের বাড়িতে। সকালে ঘুম থেকে উঠে তিনি রান্না সেরে পার্শ্ববর্তী ওয়ার্ডে রেগার কাজে বেরিয়ে যান। তখন বাড়িতে অন্যান্য লোকজনরাও ছিল না। এমন সময় সকাল নয়টা নাগাদ প্রবল বৃষ্টিপাতের ফলে ঘরের উপরে থাকা ১১ কেবি বৈদ্যুতিক টাওয়ারের গার্ড ওয়াল ভেঙ্গে উনার ঘরের উপর পড়ে। রান্নাঘর সহ বাথরুম ভেঙ্গে তছনছ হয়ে যায়। এমনকি হাঁস,মোরগের মৃত্যু হয় বলেও জানান তিনি। ঘরের টিনের ছাড়নিও ভেঙ্গে যায়, ফলে প্রচুর ক্ষয়ক্ষতি হয় উনার। এতে আনোয়ারা বেগম সরাসরি টাওয়ার কর্তৃপক্ষকের উপর আঙ্গুল তুলছেন। তিনি জানান এর পূর্বেও একাধিকবার টাওয়ারের মাটি ধ্বসে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, এতে কর্তৃপক্ষ কোন নজর দেয়নি সেদিকে। অফিসাররা এসে পরিদর্শন করে গেলেও কোন সময়োপযোগী ব্যবস্থা গ্রহণ করেননি বলে অভিযোগ মহিলার। তিনি পঞ্চায়েত প্রধান সহ প্রশাসনের দ্বারস্থ হয়েছেন ক্ষতিপূরণ পাওয়ার আশায়।