নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ তেলিয়ামুড়া কালিটিলা এলাকায় অবস্থিত 290200400012 নম্বরের সরকারি ন্যায্য মূল্যের দোকানের বিরুদ্ধে চাল পরিমাপে ওজন কম দেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং সরকারি রেশন ব্যবস্থার স্বচ্ছতা নিয়ে এই অভিযোগ করেছে এক রেশন ভুক্তা।অভিযোগকারী রঞ্জিত সাহা জানান, বুধবার সকালে তিনি তার বৃদ্ধ মাকে সরকারি ন্যায্য মূল্যের দোকানে চাল সংগ্রহের জন্য পাঠান। অভিযোগ, তার মায়ের সরলতার সুযোগ নিয়ে দোকানের কর্ণধার সবিতা দত্ত লস্কর (রায়) চাল পরিমাপের ক্ষেত্রে কারচুপি করেন। বাড়িতে চাল নিয়ে আসার পর পুনরায় ওজন করে তিনি নির্ধারিত পরিমাণের সঙ্গে গরমিল দেখতে পান।রঞ্জিত সাহার দাবি, বিষয়টি জানতে পেরে তিনি সঙ্গে সঙ্গে ন্যায্য মূল্যের দোকানে ফিরে গিয়ে কর্ণধারের সঙ্গে কথা বলেন। তবে অভিযোগ অনুযায়ী, তিনি সমস্যার কোনো সন্তোষজনক বা স্থায়ী সমাধান পাননি।খবর পেয়ে সংবাদমাধ্যমের প্রতিনিধিরা ঘটনাস্থলে পৌঁছে দোকানের কর্ণধার সবিতা দত্ত লস্কর (রায়)-এর সঙ্গে যোগাযোগ করলে তিনি অভিযোগ অস্বীকার না করে জানান, দোকানে ওজন মাপার দায়িত্বে থাকা কর্মী আজ অনুপস্থিত। ফলে অনিচ্ছাকৃতভাবে এই ধরনের ভুল হয়ে থাকতে পারে।এদিকে, ঘটনাটি সম্পর্কে জানতে চাওয়া হলে মহকুমা খাদ্য দপ্তরের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক জানান, অভিযোগটি গুরুত্ব সহকারে দেখা হবে। বিষয়টি নিয়ে তদন্ত করা হবে এবং তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।এখন প্রশ্ন সরকারি ন্যায্য মূল্যের দোকান সাধারণ মানুষের খাদ্য নিরাপত্তার অন্যতম ভরসাস্থল। সেখানে ওজন সংক্রান্ত অনিয়মের অভিযোগ সামনে আসায় স্বাভাবিকভাবেই ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের দাবি, বিষয়টির নিরপেক্ষ তদন্ত করা হোক, যাতে ভবিষ্যতে আর কোনো গ্রাহক এ ধরনের ভোগান্তির শিকার না হন।।