নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ ক্রমশই চুরি ও ছিনতাইয়ের আতঙ্কে ভুগছে কৈলাসহর শহর। একের পর এক অপরাধের ঘটনা ঘটলেও অপরাধীদের গ্রেপ্তারে পুলিশের সাফল্য নিয়ে প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ। এরই মধ্যে বৃহস্পতিবার সকালে শহরের ডি.কে. রোড এলাকায় এক ৬০ ঊর্ধ্ব মহিলার গলা থেকে সোনার চেইন ছিনতাইয়ের ঘটনায় নতুন করে উদ্বেগ ছড়িয়েছে।জানা গেছে, কৈলাসহর পুরপরিষদ এলাকার দক্ষিণ কাচেরঘাটের বাসিন্দা সাবিত্রী দাম প্রতিদিনের মতো এদিনও প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন। সকালবেলায় ডি.কে. রোড এলাকায় হাঁটার সময় নম্বরবিহীন একটি মোটরসাইকেলে এসে দুই দুর্বৃত্ত আচমকা তার গলা থেকে সোনার চেইন ছিনিয়ে নেয়। ঘটনার আকস্মিকতায় তিনি কিছু বুঝে ওঠার আগেই ছিনতাইকারীরা দ্রুত এলাকা ছেড়ে পালিয়ে যায়। সোনার চেইনের আনুমানিক মূল্য ৫ লক্ষ টাকা বলে ধারণা করা হচ্ছে। ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসেন এবং পুলিশকে খবর দেওয়া হয়। কিছুক্ষণের মধ্যেই কৈলাসহর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে।স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গত কয়েক মাস ধরে শহরের বিভিন্ন এলাকায় চুরি ও ছিনতাইয়ের ঘটনা বেড়েই চলেছে। স্কুল, ব্যবসা প্রতিষ্ঠান থেকে শুরু করে সাধারণ মানুষের বাড়িঘরেও চুরির ঘটনা ঘটেছে। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই অপরাধীদের গ্রেপ্তার বা চুরি যাওয়া সামগ্রী উদ্ধারের বিষয়ে উল্লেখযোগ্য সাফল্য দেখা যায়নি। ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ বাড়ছে।দিনের আলোয় শহরের ব্যস্ত এলাকায় এক বয়স্কা মহিলার গলা থেকে সোনার চেইন ছিনতাইয়ের ঘটনা শহরবাসীর নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন তুলে দিয়েছে। স্থানীয়দের দাবি, অপরাধ দমনে আরও কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং দ্রুত ছিনতাইকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।এদিকে, সাবিত্রী দামের পরিবারের পক্ষ থেকে কৈলাসহর থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে। এখন দেখার বিষয়, এই ঘটনায় পুলিশ কত দ্রুত অপরাধীদের শনাক্ত করে গ্রেপ্তার করতে সক্ষম হয়।