নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রধান মন্ত্রীত্বের ১২ বছর পূর্তি উপলক্ষে সম্প্রতি দিল্লিতে এক মন্তব্য করেছেন তিপ্রা মথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন ।মথা সুপ্রিমোর এই মন্তব্য নিয়ে রাজ্য রাজনীতিতে রাজনৈতিক তরজা চলছে। শুক্রবার সিপিআইএম রাজ্য দপ্তরে সাংবাদিক সম্মেলন করে মথা সুপ্রিমোর বক্তব্য নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেন সিপিআইএম রাজ্য সম্পাদক ,পলিটব্যুরো সদস্য তথা রাজ্যের বিরোধী দলনেতা জীতেন চৌধুরী। সাংবাদিক সম্মেলনে বিরোধী দলনেতা বলেন, রাজ্যে অবস্থানকালে মথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেব বর্মন বিজেপি বিরোধী নানান স্লোগান তুলে জনগণকে নিজের অনুকূলে ধরে রাখার চেষ্টা করছেন। অপরদিকে দিল্লিতে গিয়ে বিজেপি দল ও নেতৃবৃন্দ প্রসঙ্গে অন্য কথা বলছেন। তিনি আরো বলেন ,রাজ্যে মথা এবং বিজেপির মধ্যে প্রকাশ্যে যুদ্ধ যুদ্ধ খেলা চলছে ।অপরদিকে দিল্লিতে দোস্তি চলছে।বিরোধী দলনেতা জানান, মথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন বলেছেন, জনজাতিদের সার্বিক উন্নয়নে স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত আটাত্তর বছর সময়ে একমাত্র ব্যতিক্রম নরেন্দ্র মোদী এবং অমিত শাহ ।তার এই ধরনের মন্তব্য অবাক করার মতো ।বিরোধী দলনেতা বলেন ,যে মোদি সরকারের সময়ে ফরেস্ট এক্ট ইমপ্লিমেন্টেশন বন্ধ, সংবিধানের ১২৫ তম সংশোধনী বিল পার্লামেন্টের হিমঘরে বন্দী ,যে মোদি সরকারের আমলে আদানি আম্বানিদের হাতে দেশের বনজ সম্পদ তুলে দিতে গিয়ে দেশের লক্ষ লক্ষ জনজাতি অংশের জনগণকে বাস্তচ্যুত করা হচ্ছে ,সেই মোদী সরকারকেই প্রশংসার দরাজ সার্টিফিকেট দিচ্ছেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন। বিষয়টি অত্যন্ত দুঃখের বলে জানান বিরোধী দলনেতা।উল্লেখ্য মাথা সুপ্রিমোর সাম্প্রতিক মন্তব্য নিয়ে রাজ্যের জনজাতি অংশের বিভিন্ন মহলেও মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।