রাজধানীর অফিস লেনের চাঞ্চল্যকর অপহরণ কাণ্ডের মাস্টারমাইন্ড ব্যাটারী বিশ্ব পুলিশের জালে

Jun 13, 2026

রাজধানীর অফিস লেনের চাঞ্চল্যকর অপহরণ কাণ্ডের মাস্টারমাইন্ড ব্যাটারী বিশ্ব পুলিশের জালে

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ রাজধানীর অফিস লেন থেকে চাঞ্চল্যকর অপহরণ কান্ডের মূল মাস্টারমাইন্ড পুলিশের জালে । গভীর রাতে পশ্চিম থানার পুলিশ অভিযুক্তকে বিশালগড়ের উত্তর ব্রজপুর স্থিত নিজ বাড়ি থেকে থেকে গ্রেফতার করে ।জানা গেছে, অপহরণ কাণ্ডের পর ফেরার ছিল ব্যাটারী  বিশু। শনিবার সন্ধ্যারাতে পরিবার-পরিজনদের দেখতে বাড়ি আসে সে। শনিবার ভোরে ফের গা ঢাকা দেওয়ার কথা ছিল তার ।ইতিমধ্যে রাতেই সোর্স মারফত খবর পান সংশ্লিষ্ট মামলার আই ও  পশ্চিম থানার এসআই দিলীপ দাস। গোপন সংবাদে পাওয়া খবরের ভিত্তিতে শুক্রবার রাতেই পশ্চিম থানার ওসি রানা চ্যাটার্জি এবং মামলার আই ও দিলীপ দাসের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী বিশালগড়ের উত্তর ব্রজপুরে ব্যাটারী  বিশুর বাড়িতে হানা দিয়ে তাকে গ্রেফতার করে। শনিবার পশ্চিম থানার পুলিশ তাকে রিমান্ডের আবেদন জানিয়ে  আদালতে সোপর্দ করে। এদিন পশ্চিম থানায় সদর মহকুমা পুলিশ আধিকারিক ডিপি রায় এই সংবাদ জানান।জানা গেছে, বিশালগড়ের কুখ্যাত ব্যাটারী বিশুর গ্যাং রাজ্যের কোথা থেকে নেশা দ্রব্য কোথায় যাচ্ছে তার খোঁজ খবর রাখত । নেশা কারবারিদের এই তথ্য সাপ্লাই করত তারা। উল্লেখ্য  গত মে মাসের ষোলো তারিখ বিকেলে রাজধানীর অফিস লেন এলাকা থেকে চার অজ্ঞাত পরিচয় দুষ্কৃতিকারী সোনামুড়ার শান্তিপল্লীর বাসিন্দা ধানু দাস কে মারতে মারতে একটি সাদা গাড়িতে তুলে অপহরণ করে নিয়ে যায়। এই ঘটনায় গোটা শহরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ।পুলিশ ঘটনার তদন্তে নেমে অপহৃত সুনামুরার ব্যবসায়ী ধানু দাসকে উদ্ধার ও অপহরণ কাণ্ডে জড়িত তিন অভিযুক্তকে গ্রেফতার করে। পরে তদন্ত চালিয়ে পুলিশ আরো এক অভিযুক্তকে জালে তুলে। আর এবার ঘটনার ২৭ দিনের মাথায় মূল মাস্টারমাইন্ডকে জালে তুলল পুলিশ।