নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ আমবাসা পৌর পরিষদের উদ্যোগে পুরবাসীদের কল্যাণ ও সার্বিক উন্নয়নের লক্ষ্যে আজ রবিবার থেকে শুরু হলো বিশেষ কর্মসূচি জন কল্যাণ শিবির ২০২৬ । একটি উদ্যোগ, অনেক সুবিধা —এই স্লোগানকে সামনে রেখে তিন দিনব্যাপী এই শিবিরের আয়োজন করা হয়েছে। চারা গাছে জল সিঞ্চন করে শিবিরের উদ্বোধন করেন ধলাই জেলা পরিষদের সভাধিপতি সুস্মিতা দাস। অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন কাউন্সিলর উত্তম অধিকারী,কাউন্সিলর শংকর চক্রবর্তী,বিশিষ্ট সমাজসেবী অজয় অধিকারী সহ অন্যান্য। আমবাসা পৌর পরিষদ এলাকার নাগরিকদের দোরগোড়ায় বিভিন্ন সরকারি পরিষেবা এবং সুযোগ-সুবিধা পৌঁছে দিতে এই মহতী উদ্যোগ নেওয়া হয়েছে। এই জন কল্যাণ শিবিরে মূলত চার ধরনের প্রধান পরিষেবা প্রদান করা হচ্ছে— স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা সহায়তা, সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধা, নথিপত্র নথিভুক্তি ও সহায়তা এবং কর্মসংস্থান ও জীবিকা নির্বাহের জন্য বিশেষ সহায়তা। আমবাসা পুর পরিষদের সি ই ও তথা মহকুমা শাসক রিঙ্কু রিয়াং জানান, সাধারণ মানুষের সুবিধার কথা চিন্তা করে আমবাসার তিনটি ভিন্ন ভিন্ন এলাকায় আগামী তিন দিন ধরে এই শিবির চলবে। স্বচ্ছ পরিষেবা, সহজলভ্যতা এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করাই এই শিবিরের মূল লক্ষ্য। পুর কর্তৃপক্ষের তরফে আমবাসার সমস্ত স্তরের নাগরিককে এই শিবিরে অংশ নিয়ে সরকারি সুযোগ-সুবিধা গ্রহণ করার জন্য আহ্বান জানানো হয়েছে।এই শিবিরকে কেন্দ্র করে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে সুবিধাভোগীদের হাতে তোলে দেওয়া এস সি , ওবিসি সার্টিফিকেট। পুর পরিষদের সাফাইকর্মীদের হাতে তোলে দেওয়া হয় পরিচয় পত্র । পাশাপাশি বিভিন্ন ভাতা প্রাপকদের হাতে তুলে দেয়া হয় ভাতার অনুমোদন পত্র। বিভিন্ন স্বসহায়ক দলগুলির হাতে আর্থিক সহায়তার অনুমোদন পত্র তোলে দেওয়া হয়।আয়োজিত এই শিবিরে সুবিধা গ্রহণ করতে পুর এলাকার সাধারণ নাগরিকের উপস্থিতি ছিল লক্ষ্যণীয় ।