ঊনকোটি কলাক্ষেত্রে বিশ্ব রক্তদাতা দিবস উদযাপন, সম্মানিত ৮০ রক্তদাতা ও ২০টি সংস্থা

Jun 14, 2026

ঊনকোটি কলাক্ষেত্রে বিশ্ব রক্তদাতা দিবস উদযাপন, সম্মানিত ৮০ রক্তদাতা ও ২০টি সংস্থা

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে রবিবার কৈলাসহর ঊনকোটি কলাক্ষেত্রে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করে কৈলাসহর ব্লাড ডোনার্স এসোসিয়েশন। অনুষ্ঠানে বিশেষ সহযোগিতা প্রদান করে ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট এসোসিয়েশন, ঊনকোটি জেলা কমিটি এবং ২৮ আসাম রাইফেল ব্যাটেলিয়ন, রাধানগর।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঊনকোটি জেলার জেলা শাসক ও জেলা সমাহর্তা মেঘা জৈন (আইএএস)। এছাড়াও উপস্থিত ছিলেন কৈলাসহর পুর পরিষদের চেয়ারপার্সন চপলা দেবরায়, ঊনকোটি জেলার মুখ্য চিকিৎসা আধিকারিক ডাঃ সন্দীপন ভট্টাচার্য, ২৮ আসাম রাইফেল ব্যাটেলিয়নের ডাঃ রাহুল ভার্ঘব, কৈলাসহর ব্লাড ডোনার্স এসোসিয়েশনের সভাপতি অনুপম পাল, সম্পাদক শুভাশীস চৌধুরী,বরিষ্ঠ সদস্য শশাঙ্ক সেন, উপদেষ্টা সদস্য সঞ্জীব চৌধুরী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন জেলা শাসক মেঘা জৈন ও অন্যান্য অতিথিরা। এরপর রক্তের গ্রুপ আবিষ্কারক এবং আধুনিক রক্তসঞ্চালন বিজ্ঞানের পথিকৃৎ ডাঃ কার্ল ল্যান্ডস্টেইনার-এর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন উপস্থিত অতিথি ও অংশগ্রহণকারীরা।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এসোসিয়েশনের সম্পাদক শুভাশীস চৌধুরী। তিনি রক্তদানের গুরুত্ব তুলে ধরে সমাজের সকল স্তরের মানুষকে স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানান।মঞ্চ পরিচালনা করেন বিশিষ্ঠ কবি সত্যজিৎ দত্ত। এদিন ঊনকোটি জেলার ২০টি সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনকে বিভিন্ন সময়ে রক্তদান শিবির আয়োজনের জন্য সম্মাননা প্রদান করা হয়। পাশাপাশি মুমূর্ষু রোগীদের জীবন বাঁচাতে বিভিন্ন সময়ে স্বেচ্ছায় রক্তদানকারী ৮০ জন রক্তদাতাকেও বিশেষ সম্মাননায় ভূষিত করা হয়।অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বলেন, রক্তের কোনো বিকল্প নেই এবং একজন সুস্থ মানুষের স্বেচ্ছায় রক্তদান অন্য একজন মানুষের জীবন বাঁচাতে পারে। তাই নিয়মিত স্বেচ্ছায় রক্তদানকে সামাজিক আন্দোলনে পরিণত করার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।সমগ্র অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয় এবং ৮২ জন  রক্তদাতা সেচ্ছায় রক্তদান করেন। কৈলাসহর ব্লাড ডোনার্স এসোসিয়েশনের পক্ষ থেকে ঊনকোটি জেলা শাসক,আসাম রাইফেল ও ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট এসোসিয়েশনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

বিভাগ