২৬ কোটি ৯৬ লক্ষ টাকার বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী

Jun 16, 2026

২৬ কোটি ৯৬ লক্ষ টাকার বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ  শিক্ষা ,স্বাস্থ্য থেকে শুরু করে যোগাযোগ ব্যবস্থা সবকিছুতেই চলছে আজ উন্নয়নের কাজ। একটা সময়ের পিছিয়ে পড়া জেলা ধলাই আজ এগিয়ে চলছে। ডাবল ইঞ্জিনের সরকার সকল অংশের মানুষের কল্যাণে কাজ করে চলেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মার্গ দর্শনে এগিয়ে চলেছে রাজ্যের উন্নয়ন। গোটা দেশে আজ ত্রিপুরা এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে দাঁড়িয়েছে বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা।

 

মঙ্গলবার ধলাই জেলার হালহালি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি জেলার বিভিন্ন প্রান্তের ১২ টি প্রকল্পের ভার্চুয়ালি উদ্বোধন ও দুটি প্রকল্পের ভার্চুয়ালি শিলান্যাস করেন তিনি। সব মিলিয়ে এদিন ২৬ কোটি ৯৬ লক্ষ টাকার বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠান শুরুর আগে জেলার আটটি ব্লকের জন্য অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি আটটি বর্জ্য পরিবহনকারী ই ভেহিকেলের সবুজ পতাকা নেড়ে  আনুষ্ঠানিক পথচলা শুরু করেন মুখ্যমন্ত্রী সহ অন্যান্য অতিথিবর্গ।

 

হালহালী দ্বাদশ শ্রেণী বিদ্যালয় এর উদ্বোধন শেষে বিদ্যালয় ময়দানে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা সভাধিপতি সুস্মিতা দাস, বিধায়ক মনোজ কান্তি দেব, বিধায়িকা স্বপ্না দাস পাল, রাজ্য সরকারের ২ সচিব ডা. মিলিন্দ রামটেকে, তপন কুমার দাস, জেলাশাসক বিবেক এইচবি, জেলা পুলিশ প্রধান রুশিকেশ দেশাই প্রমূখ।

 

অনুষ্ঠান মঞ্চ থেকে বোতাম টিপে ভার্চুয়ালি বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী।

 

বিগত শিক্ষাবর্ষ থেকে আমবাসায় চালু হয় ডিগ্রি কলেজ এর জন্য ডলুবাড়ী এলাকায় থাকা  জেলাশাসকের পুরাতন কার্যালয়টিকে নতুনভাবে সাজিয়ে তোলা হয়। আজ এই ভবনটির শুভ উদ্বোধন হয়। কলেজ প্রাঙ্গনে ভার্চুয়ালি গোটা অনুষ্ঠানটি সম্প্রচার করা হয়। কলেজ প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উচ্চশিক্ষা মন্ত্রী কিশোর বর্মন, বিধায়ক চিত্তরঞ্জন দেববর্মা সহ অন্যান্য অতিথিবর্গ।

 

হালহালীতে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন আমবাসায় মেডিকেল কলেজ হবে ইতিমধ্যেই প্রশাসনিক প্রক্রিয়া শুরু হয়েছে। তাছাড়া পর্যটনের দিক থেকেও রাজ্য অনেক এগিয়ে চলেছে। ইতিমধ্যেই পুরাতন রাজভবনটিকে নতুনভাবে সাজিয়ে তোলা হবে তার জন্য ইতিমধ্যেই কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহর উপস্থিতিতে ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন বিভিন্ন দিকে ত্রিপুরা আজ এগিয়ে চলেছে এবং প্রধানমন্ত্রী চাইছেন উত্তর পূর্বাঞ্চলের প্রত্যেকটি রাজ্যের পাশাপাশি ত্রিপুরা রাজ্য যেন আরো এগিয়ে যায় সেজন্যে প্রধানমন্ত্রী নির্দেশ মোতাবেক চলছে কাজ। আগামী দিন এ ধরনের উন্নয়নমূলক কাজকে এগিয়ে নিয়ে যেতে এবং এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়তে সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

বিভাগ

সর্বশেষ খবর