নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ রাজ্যের কৃষি ব্যবস্থার উন্নয়ন এবং কৃষকদের সচেতনতা বৃদ্ধিতে আরও একটি বড় পদক্ষেপ নেওয়া হলো। বৃহস্পতিবার ধলাই জেলার সালেমা টাউন হলে অনুষ্ঠিত হয়ে গেল ক্ষেত বাঁচাও অভিযান এবং প্রাকৃতিক চাষাবাদ বিষয়ক একটি বিশেষ কর্মশালা।ত্রিপুরা সরকারের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের উদ্যোগে আজ এই গুরুত্বপূর্ণ কর্মশালার আয়োজন করা হয়। ধলাই জেলার ডেপুটি ডিরেক্টর অফ এগ্রিকালচার -এর ব্যবস্থাপনায় এবং কৃষি বিজ্ঞান কেন্দ্র, ধলাই -এর সহযোগিতায় এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।মূলত রাসায়নিক মুক্ত প্রাকৃতিক চাষবাসের প্রসার এবং কীভাবে আবাদি জমি রক্ষা করা যায়, সেই লক্ষ্যেই কৃষকদের এই কর্মশালায় বিস্তারিত প্রশিক্ষণ ও পরামর্শ দেওয়া হয়। আধুনিক যুগে মাটির উর্বরতা ধরে রেখে কীভাবে ফলন বাড়ানো সম্ভব, তা নিয়ে আলোচনা করেন উপস্থিত কৃষি বিশেষজ্ঞরা। এলাকার বহু কৃষক এই কর্মশালায় অংশ নেন এবং প্রাকৃতিক উপায়ে কৃষিকাজ করার বিষয়ে গভীর আগ্রহ প্রকাশ করেন।চারা গাছে জল সিঞ্চন করে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন মন্ত্রী সুধাংশু দাস । অন্যান্য অতিথিদের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধলাই জেলা পরিষদের সভাধিপতি সুস্মিতা দাস, বিধায়ক মনোজ কান্তি দেব, বিধায়িকা স্বপ্না দাস পাল সহ সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকগণ।মন্ত্রী সহ অতিথিগণ অনুষ্ঠান স্থলে খোলা কৃষিজ ফসলের স্টল গুলি ঘুরে দেখেন এবং কৃষকদের সাথে কথা বলেন। সরকারের এই উদ্যোগ আগামী দিনে ধলাই জেলা তথা সমগ্র রাজ্যের কৃষি ক্ষেত্রে এক নতুন জোয়ার আনবে এবং কৃষকদের অর্থনৈতিকভাবে আরও স্বাবলম্বী করে তুলবে বলে আশা করেন মন্ত্রী সুধাংশু দাস ।