নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ বিষ্ণুপ্রিয়া মনিপুরীদের কৃষ্টি, সংস্কৃতি এবং ঐতিহ্য অনেকটাই পুরনো এবং ঐতিহ্যবাহী ।এই ঐতিহ্যবাহী সংস্কৃতিকে আরো উঁচুতে তুলে ধরার লক্ষ্যে বৃহস্পতিবার থেকে রাজধানীর ভগৎ সিং যুব আবাসে শুরু হয়েছে প্রদর্শনী ,সেমিনার এবং সাংস্কৃতিক কর্মসূচি। বিষ্ণুপ্রিয়া মনিপুরী সামাজিক সাংস্কৃতিক সমিতি এই কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে । এদিন তিনদিন ব্যাপী এই কর্মসূচির উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী সান্তনা চাকমা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিষ্ণুপ্রিয়া মণিপুরী সামাজিক সাংস্কৃতিক সমিতির সভানেত্রী অলকা সিনহা ,সাধারণ সম্পাদক তথা কমলপুর নগর পঞ্চায়েতের চেয়ারম্যান প্রশান্ত সিনহা সহ অন্যান্য ব্যক্তিবর্গ ।প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন মন্ত্রী সান্তনা চাকমা ।এই অনুষ্ঠান প্রসঙ্গে বলতে গিয়ে মন্ত্রী জানান, প্রত্যেক জাতি এবং জনজাতিদেরই নিজস্ব সংস্কৃতি রয়েছে ।রয়েছে নিজস্ব ভাষাও ।এই সংস্কৃতি এবং ভাষার বিকাশে সকল জাতি গোষ্ঠীকেই আরো বেশি যত্নবান হতে হবে ।মন্ত্রী বলেন ,সবকা সাথ সবকা বিকাশ হতে গেলে প্রত্যেক জাতিগোষ্ঠীকে নিজ নিজ কৃষ্টি ,সংস্কৃতি এবং ঐতিহ্যকে সাথে নিয়ে এগিয়ে যেতে হবে ।আর এই ক্ষেত্রে এই ধরনের অনুষ্ঠান বিষ্ণুপ্রিয়া মণিপুরী কৃষ্টি সংস্কৃতি এবং ঐতিহ্যকে আরো বিকশিত করবে বলে বিশ্বাস করেন মন্ত্রী সান্তনা চাকমা।এই অনুষ্ঠানে বিষ্ণুপ্রিয়া মনিপুরীদের নিজ হাতে বোনা বিভিন্ন পোশাক পরিচ্ছদ প্রদর্শনীর ব্যবস্থা করা হয় । বাঁশ এবং বেতের নির্মিত বিভিন্ন শিল্প সামগ্রীও এই প্রদর্শনীতে রয়েছে ।এই অনুষ্ঠানকে কেন্দ্র করে শনিবার পর্যন্ত প্রতিদিন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।