নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ পশ্চিম ত্রিপুরা জেলার অধীন বিভিন্ন পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের উন্নয়নমূলক কাজকর্মের রূপরেখা তৈরির জন্য বৃহস্পতিবার জেলা পরিষদের পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হলো। পশ্চিম জেলার জেলা শাসকের কার্যালয়ের কনফারেন্স হলে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল । উপস্থিত ছিলেন জেলা পরিষদের নির্বাচিত সদস্যরা ,পঞ্চায়েত সমিতির সদস্যগণ ,জেলা পরিষদের সাথে যুক্ত বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের আধিকারিকগণ সহ বিভিন্ন ব্লকের পঞ্চায়েত এক্সটেনশন অফিসাররা ।এই বৈঠকে ২০২৬-২৭ অর্থবছরে কোন কোন পঞ্চায়েতে বা পঞ্চায়েত সমিতিতে কি ধরনের উন্নয়নমূলক কাজ করা হবে সেই বিষয়গুলি নিয়ে বিস্তারিত আলোচনা হয় ।অনেক জেলা পরিষদ সদস্য তাদের প্রস্তাব তুলে ধরেন ।আগামী ২৮ জুন এই প্রস্তাবনা গুলি নিয়ে আলোচনার ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে। চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের পর তা অনুমোদনের জন্য পঞ্চায়েত দপ্তরের অধিকর্তার নিকট পাঠানো হবে ।এদিন পশ্চিম ত্রিপুরা জেলার ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল এই সংবাদ জানান। এদিন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল জানান ,রাজ্য সরকার মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহার নেতৃত্বে যেভাবে স্বচ্ছতার সাথে উন্নয়নমূলক কাজ করে চলছে তেমনিভাবেই পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদ পঞ্চায়েত থেকে পঞ্চায়েত সমিতি পর্যন্ত জনগণের কল্যাণমূলক কাজগুলি স্বচ্ছতার সাথে সম্পন্ন করতে চায় ।পাশাপাশি কেন্দ্র এবং রাজ্য সরকারের জনকল্যাণমূলক প্রকল্প গুলির সুবিধা গ্রামের অন্তিম পর্যায়ের নাগরিকদের কাছে পৌঁছে দিতে চায়।