গাঁজা পাচার মামলায় খোয়াই জেলা আদালত পাচারকারীকে ১০ বছরের কারাদণ্ড ও আর্থিক জরিমানা

Jun 19, 2026

গাঁজা পাচার মামলায় খোয়াই জেলা আদালত পাচারকারীকে ১০ বছরের কারাদণ্ড ও আর্থিক জরিমানা

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ  নেশাবিরোধী অভিযানে আরও এক সাফল্য মিলল বিচার ব্যবস্থার হাত ধরে। গাঁজা পাচার মামলায় এক অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে আদালত।খোয়াই জেলা আদালতের এন ডি পি এস আইনের স্পেশাল জাজ ২ নম্বর কোর্টের বিচারক আজএই রায় ঘোষণা করেন। আদালত ধৃত দক্ষ রাম রিয়াংকে (৪৪) ১০ বছরের কারাদণ্ড এবং ১০ লক্ষ টাকা জরিমানা নির্দেশ দিয়েছে। জরিমানা অনাদায়ে ছয় মাসের অতিরিক্ত কারাদণ্ড। জানা গেছে,    ২০২৪ সালের ২৯ মে বেলা ২টা নাগাদ তেলিয়ামুড়া দিক থেকে আমবাসা গামী একটি যাত্রীবাহী অটো(যার নম্বর TR 02 A 2170) মুঙ্গিয়াকামি থানার পুলিশের নাকা চেকিংয়ের মুখে পড়ে। ৪১মাইল এলাকায় পুলিশ গাড়িটিকে আটক করতেই অটোর ভেতর থেকে এক যাত্রী আচমকা লাফিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে পুলিশি তদন্তে জানা যায়, পলাতক ওই ব্যক্তির নাম ধনঞ্জয় রিয়াঙ্গ। এরপর পুলিশ যাত্রীবাহী অটোটিতে তল্লাশি চালিয়ে ভেতর থেকে ৭৬ কেজি শুকনো গাঁজা উদ্ধার করে। দক্ষরাম রিয়াংকে এনডিপিএস আইনের সুনির্দিষ্ট ধারায় গ্রেফতার করে। ধৃত দক্ষরাম রিয়াং আমবাসার নাইট অ্যাঙ্গেল হিরন জয় পাড়ার বাসিন্দা।এই মাদক মামলার তদন্ত শেষ করে ২০২৪ সালের ১৯ সেপ্টেম্বর আদালতে চার্জশিট বা অভিযোগপত্র পেশ করেন। বিচার প্রক্রিয়াকালীন আদালত মোট ১৬ জন সাক্ষীর বয়ান ও উপযুক্ত তথ্যপ্রমাণ পরীক্ষা করে। সমস্ত সাক্ষ্য ও প্রমাণের ভিত্তিতে আজ আদালত চালক দক্ষরাম রিয়াংকে দোষী সাব্যস্ত করে এই ১০ বছরের কারাদণ্ড ও আর্থিক জরিমানার রায় শোনায়।তবে এই মামলার অপর অভিযুক্ত ধনঞ্জয় রিয়াঙ্গ মৃত্যু হয়েছে।