মানসিক ভারসাম্যহীন রোগীর হাতে আক্রান্ত এক বেসরকারি নিরাপত্তা কর্মী, জিবি হাসপাতালে চাঞ্চল্য

Jun 19, 2026

মানসিক ভারসাম্যহীন রোগীর হাতে আক্রান্ত এক বেসরকারি নিরাপত্তা কর্মী, জিবি হাসপাতালে চাঞ্চল্য

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ রোগীর হাতে আক্রান্ত হলেন এক বেসরকারি নিরাপত্তা কর্মী ।আক্রান্ত বেসরকারি নিরাপত্তা কর্মীর নাম কমল কান্তি ভট্টাচার্য ।ঘটনা শুক্রবার দুপুরে জিবি হাসপাতালের মেল অর্থোপেডিক ওয়ার্ডে। জানা গেছে ,এই ওয়ার্ডে মানসিক ভারসাম্যহীন এক রোগী  চিকিৎসাধীন রয়েছেন। এদিন এই রোগী চিকিৎসক এবং নার্সদের বকা বাদ্য করছিল ।মারার জন্য তেড়েও যাচ্ছিল রোগীটি ।এই সময় সংশ্লিষ্ট ওয়ার্ডে কর্তব্যরত ছিলেন বেসরকারি নিরাপত্তা কর্মীদের সুপারভাইজার কমল কান্তি ভট্টাচার্য ।তিনি এক চিকিৎসককে বাঁচাতে রোগীর সামনে যাওয়া মাত্রই রোগীটি তার চোখে এবং নাকে আঘাত করে। এতে রক্তাক্ত হন বেসরকারি নিরাপত্তা রক্ষীদের সুপারভাইজার কমল কান্তি ভট্টাচার্য ।তার চোখে রক্ত জমাট বেধে গেছে ।বর্তমানে তিনি জিবি হাসপাতালে চিকিৎসাধীন ।তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। এদিন জিবি হাসপাতালে কর্তব্যরত অপর এক নিরাপত্তা কর্মী এই সংবাদ জানান।এই ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার জিবি হাসপাতালের মেল অর্থোপেডিক ওয়ার্ডে চাঞ্চল্য ছড়ায়। অভিযুক্ত রোগীটিকে মেল অর্থোপেডিক ওয়ার্ড থেকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে।