শান্তিনিকেতন মেডিকেল কলেজ ইস্যুতে রাজধানীতে মহিলা কংগ্রেসের বিক্ষোভ মিছিল

Jun 19, 2026

শান্তিনিকেতন মেডিকেল কলেজ ইস্যুতে রাজধানীতে মহিলা কংগ্রেসের বিক্ষোভ মিছিল

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃশান্তিনিকেতন মেডিকেল কলেজে এক মহিলা কর্মীর রহস্যজনক মৃত্যুর ঘটনাকে নিয়ে পথে নামল মহিলা কংগ্রেস। এই ঘটনায় জড়িতদের খুঁজে বের করার জন্য হাইকোর্টের কর্তব্যরত বিচারপতিকে দিয়ে বিচার বিভাগীয় তদন্তের দাবী জানালো মহিলা কংগ্রেস। এদিন এই কর্মসূচি উপলক্ষে কংগ্রেস ভবনের সামনে থেকে মহিলা কংগ্রেসের বিক্ষোভ মিছিল শুরু হয়। এর নেতৃত্বে ছিলেন প্রদেশ মহিলা কংগ্রেস সভানেত্রী সর্বাণী ঘোষ চক্রবর্তী। মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে ।এদিন এই কর্মসূচি প্রসঙ্গে রাজ্য মহিলা কংগ্রেস সভানেত্রী সর্বাণী ঘোষ চক্রবর্তী জানান ,গোটা রাজ্যে নারী নির্যাতন, ধর্ষণ গণধর্ষণ আজ চূড়ান্ত পর্যায়ে গিয়ে পৌঁছেছে। এর অন্যতম প্রমাণ শান্তিনিকেতন মেডিকেল কলেজের ঘটনা ।এই ঘটনায় একটি খুনকে আত্মহত্যা বলে প্রচার চালানোর চেষ্টা করা হচ্ছে। ঘটনার কোনরকম তদন্ত ছাড়াই এক পুলিশ আধিকারিক এবং রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারস্ন বিষয়টিকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। তিনি জানান ,রাজ্য সরকার ঘটনার ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে। কিন্তু এই নির্দেশ আমরা মানি না ।পূর্বের একাধিক নারী সংক্রান্ত ঘটনায় ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের কোন রিপোর্ট আজ পর্যন্ত প্রকাশিত হয়নি ।তিনি বলেন ,এই কারণেই প্রদেশ মহিলা কংগ্রেস শান্তিনিকেতন মেডিকেল কলেজের ঘটনার হাইকোর্টের একজন কর্মরত বিচারপতিকে দিয়ে বিচার বিভাগীয় তদন্তের দাবি তুলেছে ।এই দাবির পরিপ্রেক্ষিতেই এদিনের বিক্ষোভ মিছিল ।আমরা মিছিল করে রাজ্য পুলিশের সদর কার্যালয়ের সামনে যাব এবং মহা নির্দেশকের সাথে সংশ্লিষ্ট ঘটনা নিয়ে কথা বলব।এদিন মহিলা কংগ্রেসের বিক্ষোভ মিছিল নিয়ে পুলিশ প্রশাসনের সক্রিয়তা ছিল চোখে পড়ার মতো ।পুলিশের অতিমাত্রায় সক্রিয়তার কারণেই কোন ধরনের বিশৃংখল পরিস্থিতি সৃষ্টি হয়নি বলে বিভিন্ন মহলের অভিমত।