নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ দক্ষিণ ত্রিপুরার সঞ্জয়পল্লী এলাকায় মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য পেল মনুবাজার থানার পুলিশ। গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে শুক্রবার দুপুর প্রায় ২টা নাগাদ যোগেশ চন্দ্র সাহার বাড়িতে অভিযান চালিয়ে প্রায় ১১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরেই ওই এলাকায় মাদক মজুদের অভিযোগের ভিত্তিতে নজরদারি চালানো হচ্ছিল। নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে উপস্থিত ছিলেন সাব্রুম মহকুমার পুলিশ আধিকারিক দীপ্তনু বিশ্বাস, ডি.সি.এম. ভবেষ দেওয়ান, মনুবাজার থানার অফিসার-ইনচার্জ সঞ্জীব দেববর্মা সহ বিশাল পুলিশ বাহিনী।তল্লাশি চলাকালীন বাড়ির বিভিন্ন স্থান থেকে মোট ১১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। অভিযানের খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং বহু মানুষ ঘটনাস্থলে ভিড় জমান।উদ্ধার হওয়া মাদকদ্রব্য পুলিশ বাজেয়াপ্ত করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের পাশাপাশি এই মাদক চক্রের সঙ্গে আর কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।পুলিশের এই সফল অভিযানে এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন। পাশাপাশি মাদকবিরোধী অভিযান আরও জোরদার করার দাবি জানিয়েছেন তারা। মনুবাজার থানার এই সাফল্য আবারও প্রমাণ করল যে, মাদকের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে এবং সমাজকে মাদকমুক্ত করতে পুলিশ বদ্ধপরিকর।