পোলিওমুক্ত ভবিষ্যতের লক্ষ্যে উত্তর জেলায় ব্যাপক প্রস্তুতি

Jun 25, 2026

পোলিওমুক্ত ভবিষ্যতের লক্ষ্যে উত্তর জেলায় ব্যাপক প্রস্তুতি

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ আগামী ২৮ জুন জাতীয় টিকাকরণ দিবস উপলক্ষে উত্তর ত্রিপুরা জেলাজুড়ে পালস পোলিও কর্মসূচি-২০২৬ সফলভাবে বাস্তবায়নের জন্য ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে স্বাস্থ্য দপ্তর। এ উপলক্ষে বৃহস্পতিবার ধর্মনগরের মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কার্যালয়ে উত্তর ত্রিপুরা জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির উদ্যোগে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়।সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন উত্তর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডা. দীপক হালদার। তিনি জানান, জেলার প্রতিটি শিশুর কাছে পোলিও প্রতিরোধী টিকা পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে স্বাস্থ্য দপ্তর সুসংগঠিত পরিকল্পনা গ্রহণ করেছে।ডা. হালদার জানান, উত্তর ত্রিপুরা জেলার মোট জনসংখ্যা ৪ লক্ষ ৭৬ হাজার ৩৯৩ জন এবং মোট পরিবারের সংখ্যা ১ লক্ষ ৫ হাজার ৫৯৯টি। জেলার পাঁচ বছরের কম বয়সী শিশুদের সংখ্যা ৪৫ হাজার ৭৭২ জন। এই সকল শিশুকে পালস পোলিও কর্মসূচির আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।কর্মসূচি বাস্তবায়নের জন্য জেলাজুড়ে ৪৫৮টি টিকাদান বুথ স্থাপন করা হয়েছে। পাশাপাশি যাতায়াতরত শিশুদের টিকা প্রদানের সুবিধার্থে ৭টি ট্রানজিট বুথ খোলা হবে। ট্রানজিট বুথগুলো পানিসাগর মোটর স্ট্যান্ড ও রেল স্টেশন, কাঞ্চনপুর মোটর স্ট্যান্ড, চামটিলা, ধর্মনগর রেল স্টেশন এবং ধর্মনগর আইএসবিটি এলাকায় স্থাপন করা হবে।তিনি আরও জানান, সমগ্র কর্মসূচি পরিচালনার জন্য ১ হাজার ৮৭২ জন স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবেন। তাঁদের কার্যক্রম পর্যবেক্ষণ ও তদারকির জন্য থাকবেন ৯৪ জন সুপার ভাইজার।মুখ্য স্বাস্থ্য আধিকারিক সকল অভিভাবকের প্রতি আহ্বান জানিয়ে বলেন, পাঁচ বছরের কম বয়সী কোনো শিশুকে যেন এই কর্মসূচির বাইরে রাখা না হয়। নির্ধারিত দিনে প্রত্যেক শিশুকে নিকটবর্তী বুথে নিয়ে গিয়ে পোলিও টিকা খাওয়ানোর জন্য তিনি অনুরোধ জানান।