নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ নেশামুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এবং যুবসমাজকে মাদকের করাল গ্রাস থেকে দূরে রাখতে শুক্রবার ধর্মনগর থানার উদ্যোগে এক সচেতনতামূলক বিশাল বাইক র্যালির আয়োজন করা হয়।ধর্মনগর থানা প্রাঙ্গণ থেকে র্যালির সূচনা হয়। "নেশামুক্ত ভারত অভিযান, বিকশিত ভারত কি পেহেছান" এই স্লোগানকে সামনে রেখে বের হওয়া এই র্যালি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পরিক্রমা করে সাধারণ মানুষের মধ্যে মাদকবিরোধী সচেতনতার বার্তা পৌঁছে দেয়। র্যালিতে অংশগ্রহণকারী পুলিশকর্মীরা নেশার বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান এবং যুবসমাজকে সুস্থ ও সুন্দর জীবন গড়ে তোলার বার্তা দেন।ধর্মনগর থানার এক পুলিশ কর্মী জানান, "নেশামুক্ত সমাজ গঠন এবং বিশেষ করে যুবসমাজকে মাদকের কুফল সম্পর্কে সচেতন করাই এই বাইক র্যালির মূল উদ্দেশ্য। সমাজের সকল স্তরের মানুষের সহযোগিতা ছাড়া মাদকের বিরুদ্ধে লড়াই সফল করা সম্ভব নয়।"পুলিশ প্রশাসনের এই উদ্যোগকে শহরবাসী স্বাগত জানান। তাঁদের মতে, মাদকবিরোধী এমন জনসচেতনতামূলক কর্মসূচি ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।