নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হলো সাংস্কৃতিক প্রতিষ্ঠান "বাণী বীথান কালচারাল একাডেমি"-র বার্ষিক উৎসব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। শুক্রবার আমবাসা টাউন হলে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। চারা গাছে জল সিঞ্চন এর মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন উপস্থিত অতিথিগণ।এদিনের এই সাংস্কৃতিক অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমবাসা পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন হেম্মালি দেববর্মা, বিশিষ্ট সাংবাদিক মানিক দেবনাথ, কুলাই আনন্দমার্গ স্কুলের অধ্যক্ষা আচারিয়া আনন্দ নিরুক্তা অবধূতিকা, বাণী বীথান কালচারাল একাডেমির পরিচালক তাপস পাল, প্রতিষ্ঠানের শিক্ষা গুরু মিষ্ঠু শর্মা সহ অন্যান্য। ২০০৭ সালে প্রতিষ্ঠিত এই সাংস্কৃতিক একাডেমিটি দীর্ঘ বছর ধরে এলাকায় সংস্কৃতির আলো ছড়িয়ে আসছে। আজ আমবাসা টাউন হলে আয়োজিত এই অনুষ্ঠানে ছিল ছাত্র-ছাত্রী ও সংস্কৃতিপ্রেমীদের উপচে পড়া ভিড়।এই বার্ষিক উৎসবে কচিকাঁচাদের নাচ, গান এবং বাদ্যযন্ত্রের বিশেষ পরিবেশনা উপস্থিত দর্শকদের মনমুগ্ধ করে। অনুষ্ঠানের একাডেমির কৃতি ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণী করা হয় । বছর ভর বিভিন্ন শাখায় অসাধারণ পারফরম্যান্সের জন্য শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়। তাদের হাতে পুরস্কার তুলে দেয় উপস্থিত অতিথিগণ। কালচারাল একাডেমির কর্ণধার মিস্ঠু শর্মা বলেন, বাণী বীথান কালচারাল একাডেমির এই আয়োজন কেবল একটি উৎসবই নয়, এটি স্থানীয় তরুণ প্রতিভাদের বিকশিত করার একটি বড় মঞ্চ। কচিকাঁচা শিক্ষার্থীরা তাদের সারা বছরের শিক্ষা এই অনুষ্ঠানের মাধ্যমে তুলে ধরে। তাদের প্রতিভাকে উৎসাহিত করার লক্ষ্যে প্রত্যেক বছর তাদের এই আয়োজন। তিনি বলেন আগামী দিনেও শিক্ষার্থীদের উৎসাহ প্রতিভা প্রস্ফুটিত করে তোলার লক্ষ্যে তাদের এই প্রয়াস জারি থাকবে।আজকের এই সফল আয়োজনকে ঘিরে শিক্ষার্থী এবং অভিভাবকদের মধ্যে চরম উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।