উন্নয়নের দাবির বিপরীতে মৃত্যুফাঁদে পদ্মবিল! ভাঙা রাস্তা ও ঝুঁকিপূর্ণ ব্রিজ পেরিয়ে স্কুলে যাচ্ছে শতাধিক পড়ুয়া

Jun 27, 2026

উন্নয়নের দাবির বিপরীতে মৃত্যুফাঁদে পদ্মবিল! ভাঙা রাস্তা ও ঝুঁকিপূর্ণ ব্রিজ পেরিয়ে স্কুলে যাচ্ছে শতাধিক পড়ুয়া

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ সরকারি উন্নয়নের নানা দাবি ও প্রচারের মাঝেও উত্তর ত্রিপুরার পানিসাগর বিধানসভার উত্তর পদ্মবিল ও দক্ষিণ পদ্মবিল গ্রাম পঞ্চায়েতের একাধিক এলাকার বাসিন্দারা আজও মৌলিক যোগাযোগ ব্যবস্থার সংকটে দিন কাটাচ্ছেন। জলাবাজার থেকে বড়বাজার পর্যন্ত সংযোগকারী একমাত্র রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। পাশাপাশি যোগাযোগের অন্যতম ভরসা পুরনো স্টিলের ব্রিজটি এখন কার্যত মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, উত্তর ও দক্ষিণ পদ্মবিলের ১, ২, ৩ ও ৪ নম্বর ওয়ার্ডের প্রায় ৪৫০টি পরিবারের হাজারো মানুষ প্রতিদিন এই রাস্তা ও ব্রিজ ব্যবহার করতে বাধ্য হন। কিন্তু বছরের পর বছর সংস্কারের অভাবে রাস্তা ভাঙাচোরা হয়ে পড়েছে এবং ব্রিজটির বিভিন্ন অংশ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, এলাকার প্রায় ২০০ জনেরও বেশি ছাত্র-ছাত্রী প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে এই ব্রিজ পার হয়ে স্কুলে যাতায়াত করছে। ব্রিজটির অবস্থা এতটাই নাজুক যে ছোট ছোট শিশুদের একা পার হতে দিতে ভয় পান অভিভাবকরা। ফলে প্রতিদিন বহু অভিভাবক নিজে উপস্থিত থেকে সন্তানদের হাত ধরে ব্রিজ পার করিয়ে স্কুলে পৌঁছে দিচ্ছেন।শুধু শিক্ষার্থীরাই নয়, জরুরি স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রেও চরম ভোগান্তির শিকার হচ্ছেন এলাকাবাসী। স্থানীয়দের অভিযোগ, কোনো গর্ভবতী মহিলা বা গুরুতর অসুস্থ রোগীকে হাসপাতালে নিয়ে যেতে হলে অ্যাম্বুল্যান্স ওই এলাকায় পৌঁছাতে পারে না। বাধ্য হয়ে রোগীকে কাঁধে করে কিংবা টুকরিতে বহন করে বিপজ্জনক ব্রিজ পার করিয়ে চিকিৎসাকেন্দ্রে নিয়ে যেতে হয়। এতে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা কিংবা প্রাণহানির আশঙ্কা তৈরি হচ্ছে। এলাকাবাসীদের দাবি, রাস্তা ও ব্রিজ সংস্কারের জন্য বহুবার প্রশাসন এবং জনপ্রতিনিধিদের কাছে আবেদন জানানো হলেও আজ পর্যন্ত কোনো কার্যকর উদ্যোগ গ্রহণ করা হয়নি। বর্ষাকালে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেয়। কাদামাটি, জলাবদ্ধতা এবং ভাঙা ব্রিজের কারণে সাধারণ মানুষের দুর্ভোগ কয়েকগুণ বৃদ্ধি পায়। স্থানীয়দের প্রশ্ন, যদি উন্নয়নের সুফল সত্যিই প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে থাকে, তাহলে উত্তর ও দক্ষিণ পদ্মবিলের শত শত মানুষ এখনও কেন নিরাপদ যোগাযোগ ব্যবস্থা থেকে বঞ্চিত? এখন এলাকাবাসীর একটাই দাবি—অবিলম্বে রাস্তার পূর্ণাঙ্গ সংস্কার এবং ঝুঁকিপূর্ণ স্টিল ব্রিজের পরিবর্তে একটি আধুনিক ও স্থায়ী সেতু নির্মাণ করা হোক। কারণ, কোনো বড় দুর্ঘটনা ঘটার পর নয়, তার আগেই প্রয়োজন প্রশাসনের কার্যকর পদক্ষেপ

বিভাগ

সর্বশেষ খবর