উদয়পুরের ইন্টিগ্রেটেড ত্রিপুরা সরকারি আয়ুর্বেদিক মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অস্থায়ী ক্যাম্পাস পরিদর্শন করেন স্বাস্থ্য দপ্তরের মুখ্য সচিব গিত্যে কিরণ কুমার

Jun 27, 2026

উদয়পুরের ইন্টিগ্রেটেড ত্রিপুরা সরকারি আয়ুর্বেদিক মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অস্থায়ী ক্যাম্পাস পরিদর্শন করেন স্বাস্থ্য দপ্তরের মুখ্য সচিব গিত্যে কিরণ কুমার

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ ত্রিপুরার স্বাস্থ্য ব্যবস্থাকে আরও শক্তিশালী ও আধুনিক করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল রাজ্য সরকার। রাজ্যে প্রথমবারের মতো একটি সরকারি আয়ুর্বেদিক মেডিক্যাল কলেজ স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে। আগামী ২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকেই এই কলেজে ভর্তি প্রক্রিয়া শুরু হবে বলে জানানো হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা জানিয়েছেন, ঐতিহ্যবাহী চিকিৎসা পদ্ধতির বিকাশ ও চিকিৎসা শিক্ষার প্রসারের লক্ষ্যে কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রকের অধীনে গোমতী জেলার উদয়পুরে এই মেডিক্যাল কলেজ ও হাসপাতাল গড়ে তোলা হচ্ছে।শনিবার দুপুর প্রায় ২টায় উদয়পুরের চন্দ্রপুর এলাকায় অবস্থিত ইন্টিগ্রেটেড ত্রিপুরা সরকারি আয়ুর্বেদিক মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অস্থায়ী ক্যাম্পাস পরিদর্শন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের মুখ্য সচিব গিত্যে কিরণ কুমার দিনকাররাও। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন গোমতী জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ কমল রিয়াং, অতিরিক্ত জেলাশাসক সুভাষ আচার্য্য, গ্রাম উন্নয়ন দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার তপন সরকার সহ স্বাস্থ্য ও অন্যান্য দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা। পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্য সচিব জানান, আপাতত চন্দ্রপুর এলাকায় অস্থায়ীভাবে কলেজটি চালু করা হচ্ছে। এখানে ইতিমধ্যেই ক্লাসরুম, ফ্যাকাল্টি রুম, হাসপাতালের ওপিডি ও আইপিডি পরিষেবা সহ প্রয়োজনীয় পরিকাঠামো গড়ে তোলা হয়েছে। ছাত্রছাত্রীদের জন্য আলাদা হোস্টেলের ব্যবস্থাও রাখা হয়েছে।প্রথম পর্যায়ে এই কলেজে বিএমএস (ব্যাচেলর অব আয়ুর্বেদিক মেডিসিন অ্যান্ড সার্জারি) কোর্সে ৬০টি আসনে ভর্তি নেওয়া হবে। এর ফলে ত্রিপুরার ছাত্রছাত্রীদের আর আয়ুর্বেদিক চিকিৎসা শিক্ষা গ্রহণের জন্য রাজ্যের বাইরে যেতে হবে না।তিনি আরও জানান, কলেজটির স্থায়ী ক্যাম্পাস গড়ে তোলা হচ্ছে উদয়পুরের টেপানিয়া এলাকায়। সেখানে নির্মাণ কাজ সম্পূর্ণ হলে চন্দ্রপুর থেকে স্থায়ীভাবে কলেজটি স্থানান্তর করা হবে। মুখ্য সচিবের কথায়, এই মেডিক্যাল কলেজ চালু হলে রাজ্যের স্বাস্থ্য পরিষেবায় এক নতুন দিগন্ত উন্মোচিত হবে। আধুনিক চিকিৎসা ব্যবস্থার সঙ্গে ঐতিহ্যবাহী আয়ুর্বেদিক চিকিৎসার সমন্বয় ঘটিয়ে মানুষের আরও উন্নত স্বাস্থ্য পরিষেবা নিশ্চিত করা সম্ভব হবে।এদিন তিনি এই উদ্যোগের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান এবং আশা প্রকাশ করেন, ভবিষ্যতে এই প্রতিষ্ঠান রাজ্যের চিকিৎসা শিক্ষার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

বিভাগ

সর্বশেষ খবর