নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ সদর মহকুমার কাঞ্চনমালা দাসপাড়া এলাকার এক দরিদ্র পরিবারের আর্তি—দিব্যাঙ্গ ছেলের জন্য সরকারি ভাতা চান তারা। বিশ্বজিৎ দাস পেশায় একজন দিনমজুর। তাঁর সপ্তম শ্রেণিতে পড়ুয়া ছেলে বিকাশ দাস জন্ম থেকেই দিব্যাঙ্গ। শারীরিক প্রতিবন্ধকতার কারণে সে স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারে না এবং নানা শারীরিক সমস্যায় ভুগছে। বিকাশের বৈধ প্রতিবন্ধী শংসাপত্র (Disability Certificate) থাকলেও, পরিবারের অভিযোগ, একাধিকবার আবেদন করার পরও এখনও পর্যন্ত তার নামে কোনো দিব্যাঙ্গ ভাতা মঞ্জুর হয়নি।রবিবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিকাশের মা মনিদিপা দাস কান্নাজড়িত কণ্ঠে জানান, দিনমজুর স্বামীর সামান্য আয়ে সংসার চালাতেই হিমশিম খেতে হচ্ছে। এর মধ্যে ছেলের চিকিৎসা ও পড়াশোনার খরচ বহন করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। তিনি বলেন, সরকার যদি তাঁর দিব্যাঙ্গ ছেলের জন্য ভাতার ব্যবস্থা করে, তাহলে চিকিৎসা ও শিক্ষার ব্যয় বহন করতে অনেকটাই সুবিধা হবে।পরিবারের পক্ষ থেকে রাজ্য সরকার এবং সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের কাছে দ্রুত বিকাশ দাসের জন্য দিব্যাঙ্গ ভাতা মঞ্জুর করার আবেদন জানানো হয়েছে। এখন দেখার, সংবাদ প্রকাশের পর সংশ্লিষ্ট দপ্তর বিষয়টি বিবেচনা করে কী পদক্ষেপ গ্রহণ করে।