নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে রোববার (২৮ জুন) লেবাননের দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় একাধিক হামলা চালিয়েছে দখলদার ইসরাইল। এ ঘটনায় নিজেদের দেশ ও জনগণকে রক্ষার অধিকার হিজবুল্লাহর আছে বলে এক বিবৃতিতে জানিয়েছে ইরান-সমর্থিত সংগঠনটি।হিজবুল্লাহর দাবি, ইসরাইল যুদ্ধবিমান দক্ষিণাঞ্চলের নাবাতিয়েহ শহর এবং পাশের মায়ফাদুন শহরের আবাসিক ভবনগুলোতে হামলা চালিয়েছে। এ ছাড়া ইসরাইলি ড্রোন ফ্রাউন শহর ও বিনত জবেইল জেলার খোলা এলাকায় হামলা চালায়। একই সঙ্গে তাইবেহ ও হাদ্দাথা এলাকার আবাসিক ভবন লক্ষ্য করে বিস্ফোরণ ঘটানো হয়।এক বিবৃতিতে হিজবুল্লাহ বলেছে, ‘আমরা যুদ্ধবিরতি চুক্তির এসব লঙ্ঘনের ঘটনা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। মাতৃভূমি ও জনগণকে রক্ষার অধিকার আমাদের আছে।’এদিকে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া সমঝোতা স্মারকে বলা হয়েছে, যুদ্ধের অবসান সব ফ্রন্টেই কার্যকর হবে, যার মধ্যে লেবাননও রয়েছে। তবে এর পরও মার্চের শুরু থেকে লেবাননে ইসরাইল তাদের হামলা আরও জোরদার করেছে।