প্রাইভেট প্র্যাকটিস বন্ধের জের, জিবি হাসপাতালের বহির্বিভাগ রোগীর ভিড়ে জনারন্যের রূপ ধারণ করল

Jun 30, 2026

প্রাইভেট প্র্যাকটিস বন্ধের জের, জিবি হাসপাতালের বহির্বিভাগ রোগীর ভিড়ে জনারন্যের রূপ ধারণ করল

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃসম্প্রতি রাজ্য মন্ত্রিসভা জিবি তথা এজিএমসির কর্তব্যরত ফ্যাকাল্টি এবং চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধের সিদ্ধান্ত নিয়েছে ।এই সিদ্ধান্ত মেনে নিয়ে সোমবার থেকে জিবি হাসপাতালের কর্মরত চিকিৎসকরা প্রাইভেট প্র্যাকটিস বন্ধ রেখেছেন।কিন্তু এতে করে দেখা দিয়েছে আরেক বিপত্তি। জিবি হাসপাতালের বহি বিভাগে সোমবার থেকেই রোগীর চাপ ক্রমশ বেড়ে চলছে ।মঙ্গলবারও এই চিত্র অব্যাহত রয়েছে।এদিন জিবি হাসপাতালে প্রচুর রোগীর ভিড় জমে ।সব রোগীদেরই কাউন্টার থেকে টিকিট কেটে নির্দিষ্ট চেম্বারের সামনে লাইন দিয়ে অপেক্ষা করতে হয় ।বহির বিভাগের সামনে অব্যবস্থাপনার দরুন হাঁসফাঁস করতে থাকেন রোগীরা ।কয়েকজন রোগী অসহ্য গরমে অসুস্থ হয়ে পড়েন বলে জানান এক ঘন্টা ধরে একই জায়গায় দাঁড়িয়ে থাকা এক রুগী।এদিন জিবি হাসপাতালে আসা এক রুগীর পরিজন জানান, অপেক্ষমান রোগীদের জন্য বৈদ্যুতিন পাখার কোন ব্যবস্থা নেই। প্রচন্ড ভিড়ে গর্ভবতী রোগীদের ভীষণ রকমের কষ্ট হচ্ছে। সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েই তিনি বলেন ,রোগীদের জন্য সংশ্লিষ্ট ব্যবস্থাপনা গ্রহণ একান্ত প্রয়োজন ।জিবি হাসপাতালের বহির্বিভাগে এত সংখ্যক রোগীর ভিড় কোনদিনই তিনি প্রত্যক্ষ করেননি বলে জানান।এদিকে জানা গেছে এত সংখ্যক রোগীদের চিকিৎসা পরিষেবা প্রদানে জিবি হাসপাতালের বহির্বিভাগে প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক নেই ।এতে করে হাসপাতালে চিকিৎসা পরিষেবা প্রলম্বিত হচ্ছে। কর্তৃপক্ষের এই ধরনের ব্যবস্থাপনায় অনেকেই তীব্র ক্ষোভ প্রকাশ করেন।