নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ মানুষ ও বন্য হাতির মধ্যে সংঘাত কমিয়ে শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করার লক্ষ্যে খোয়াই বন বিভাগের উদ্যোগে মঙ্গলবার মুঙ্গিয়াকামী BAC হলে মানুষ ও হাতির শান্তিপূর্ণ সহাবস্থান বিষয়ক এক সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১১ মহারাণীর MDC উৎপল দেববর্মা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোয়াই জেলা বনাধিকারিক (DFO) অশোক কুমার, তেলিয়ামুড়া মহকুমার SDFO দিনেশ কলই, সমাজসেবী অশোক দেববর্মা এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।অনুষ্ঠানে বন দপ্তরের আধিকারিকরা মানুষ ও হাতির সহাবস্থানের গুরুত্ব, বনাঞ্চল সংরক্ষণ, বন্যপ্রাণী রক্ষা এবং হাতির চলাচলের পথে বাধা সৃষ্টি না করার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। পাশাপাশি, হাতির উপস্থিতি টের পেলে কীভাবে নিরাপদে পরিস্থিতি মোকাবিলা করতে হবে এবং বন দপ্তরের সঙ্গে দ্রুত যোগাযোগের প্রয়োজনীয়তার ওপরও গুরুত্ব আরোপ করা হয়।বক্তারা বলেন, বনাঞ্চল ধ্বংস ও মানুষের বসতি সম্প্রসারণের ফলে মানুষ-হাতির সংঘাত বেড়েছে। এই সংঘাত কমাতে জনসচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় জনগণের সক্রিয় সহযোগিতা অত্যন্ত জরুরি।কর্মসূচিতে স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তরের আধিকারিক, সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ এলাকার বহু মানুষ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের মাধ্যমে বন ও বন্যপ্রাণী সংরক্ষণে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়।