রমজান আলী হত্যা মামলায় বড় অগ্রগতি, আটক-২

Jun 30, 2026

রমজান আলী হত্যা মামলায় বড় অগ্রগতি, আটক-২

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃগত রবিবার সকালে রাজধানীর গাঙ্গাইল-বটতলা সংলগ্ন হাওড়া নদীর পাড়ে প্রাতঃভ্রমণে বেরিয়ে কয়েকজন স্থানীয় বাসিন্দা রক্তের দাগ দেখতে পান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পশ্চিম আগরতলা থানার পুলিশ। প্রাথমিক তদন্তে নদীর পাড় থেকে রক্তের চিহ্ন অনুসরণ করে পুলিশের সন্দেহ হয়, নদীতে কোনও মৃতদেহ ফেলে দেওয়া হয়েছে। এরপর দুর্যোগ মোকাবিলা বাহিনীর কর্মীদের ডাকা হলে দীর্ঘ তল্লাশির পর হাওড়া নদী থেকে উদ্ধার হয় এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ।  পরবর্তীতে মৃত ব্যক্তির পরিচয় নিশ্চিত হয় গাঙ্গাইল এলাকার বাসিন্দা রমজান আলী ওরফে টিটন হিসেবে, যিনি আগের রাত থেকেই নিখোঁজ ছিলেন। মৃতদেহে একাধিক আঘাতের চিহ্ন থাকায় শুরু থেকেই এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে সন্দেহ করে পুলিশ। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয় এবং একইসঙ্গে ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করে তদন্ত শুরু করে পুলিশ ও ফরেনসিক দল।ঘটনার পর থেকেই সম্ভাব্য প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা এবং বিভিন্ন প্রযুক্তিগত তথ্য বিশ্লেষণ করে তদন্ত এগিয়ে নিয়ে যায় পশ্চিম আগরতলা থানার পুলিশ। সেই তদন্তের ভিত্তিতেই এই ঘটনায় জড়িত সন্দেহে দু'জনকে আটক করা হয়েছে।মঙ্গলবাররাএিতে  সাংবাদিকদের মুখোমুখি হয়ে পশ্চিম আগরতলা থানার দায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিক রানা চ্যাটার্জি জানান, আটক দুই ব্যক্তিকে বুধবার আদালতে তোলা হবে। তবে তদন্তের স্বার্থে এই মুহূর্তে আটক ব্যক্তিদের পরিচয়, তাদের ভূমিকা বা হত্যার সম্ভাব্য কারণ সম্পর্কে কোনও মন্তব্য করতে চাননি তিনি।পুলিশ সূত্রে জানা গেছে, জিজ্ঞাসাবাদের মাধ্যমে হত্যার প্রকৃত উদ্দেশ্য, ঘটনার নেপথ্যে আরও কেউ জড়িত রয়েছে কি না এবং কীভাবে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, সেই সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের স্বার্থে বিভিন্ন তথ্য-প্রমাণ সংগ্রহের কাজও অব্যাহত রয়েছে।বুধবার আদালতে অভিযুক্তদের তোলার পর পুলিশ রিমান্ডের আবেদন জানাতে পারে বলে সূত্রের খবর। তদন্তকারীদের আশা, রিমান্ডে জিজ্ঞাসাবাদের মাধ্যমে এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের রহস্য উন্মোচিত হবে এবং ঘটনার সঙ্গে জড়িত সকলকে আইনের আওতায় আনা সম্ভব হবে। বর্তমানে গোটা ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে।