নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ উত্তর ত্রিপুরার পানিসাগর মহকুমায় রাবার চাষিদের দীর্ঘদিনের বিভিন্ন সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে রাবার উৎপাদক সমিতি পানিসাগর মহকুমা কমিটির পক্ষ থেকে পানিসাগর আর.ডি. ব্লকের বিডিওর নিকট একটি ডেপুটেশন প্রদান করা হয়।এই ডেপুটেশনে রাবার চাষিদের স্বার্থে একাধিক গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরা হয়। দাবিগুলির মধ্যে রয়েছে— রাবার বাগান সম্প্রসারণে সরকারি সহায়তা বৃদ্ধি, বিনামূল্যে সার ও ওষুধ সরবরাহ, পুরনো রাবার বাগানের পুনর্নবীকরণ ও উন্নয়ন কর্মসূচি গ্রহণ, ৫৫ বছর ঊর্ধ্ব রাবার চাষিদের জন্য ভাতার ব্যবস্থা, সরকারিভাবে রাবার শিট ক্রয়ের উদ্যোগ, সকল রাবার চাষিকে পারমিট প্রদান এবং পেনশন ও রেশন সুবিধার আওতায় আনা।এছাড়াও, যেসব ভূমিহীন বা গৃহহীন রাবার চাষি এখনও পাকা বাড়ি পাননি, তাঁদের প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় পাকা ঘর প্রদান এবং প্রকৃত কৃষকদের নাম সরকারি তালিকায় অন্তর্ভুক্ত করার দাবি জানানো হয়। রাবার উৎপাদক সমিতির প্রতিনিধিরা জানান, রাবার চাষিদের ন্যায্য অধিকার ও আর্থিক সুরক্ষা নিশ্চিত করতে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন। বিডিওর কাছে উত্থাপিত দাবিগুলি দ্রুত বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়। এদিনের ডেপুটেশন প্রদান কালে উপস্থিত ছিলেন রাবার উৎপাদক সমিতির সদস্য ধনন্জয় নাথ, অভিনাশ দাস, অনিলকান্ত দাস, মতিলাল দাস সহ অন্যান্যরা।